Murder Case

ভাঙড়ের মাদ্রাসার সামনে ঝড়ল রক্ত, খুড়তুতো ভাইকে ছুরি দিয়ে কুপিয়ে খুন করে থানায় আত্মসমর্পণ অভিযুক্তের, পলাতক আরও এক

এই ঘটনার বিষয়ে কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ) কুনাল আগরওয়াল বলেন, “মৃতদহ ময়নাতদন্তের জন‍্য পাঠানো হয়েছে। এই ঘটনার সঙ্গে রাজনৈতিক যোগ এখনও পাওয়া যায়নি। তদন্ত শুরু হয়েছে। বাকি অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে।”

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, ভাঙড়
  • শেষ আপডেট: ০২ আগস্ট ২০২৬ ০২:২৪

দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে মাদ্রাসায় ঝড়ল রক্ত। সেখানকার মাধবপুর থানার এলাকায় এক যুবককে ছুরি দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে। হাসপাতালে নিয়ে গেলে যুবককে মৃত বলে ঘোষণা করা হয়। এর পরেই অভিযুক্ত যুবক থানায় গিয়ে আত্মসমর্পণ করে। আরেক জন অভিযুক্ত পলাতক। তাঁর খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

পুলিশ সূত্রের খবর, গতকাল রাত প্রায় ৯টা নাগাদ মাধবপুরের বেলিয়াডাঙা মাদ্রাসার কাছে দুই যুবকের মধ‍্যে বচসা হয়। অভিযোগ, বচসা চলাকালীন অতর্কিতে আতাবুদ্দিন মোল্লা (৩৮) নামে এক যুবককে ছুরি দিয়ে পরপর কোপ মারে গোলাম সাওয়ার মোল্লা (৩৫) নামে আরেক যুবক। তিনি আতাবুদ্দিনের খুড়তুতো ভাই। আতাবুদ্দিনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয় এক বেসরকারি নার্সিংহোমে নিয়ে গেলে সেখানে ভর্তি নেওয়া হয়নি। পরে নলমুড়ি হাসপাতালে নিয়ে আসা হয়। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে আতাবুদ্দিনকে বাঁচানো যায়নি। কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করে।

জানা গিয়েছে, ঘটনার পরে সাওয়ার মোল্লা মাধবপুর থানায় যায়। তিনি সেখানে গিয়ে আতাবুদ্দিনকে ছুরি দিয়ে আঘাত করেছে বলে পুলিশের কাছে স্বীকার করেন। ঘটনার সত্যতা যাচাই করতে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পুলিশ গিয়েই আতাবুদ্দিন মোল্লাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। স্থানীয় সূত্রে জানা যায়, বেলিয়াডাঙা মাদ্রাসার এক ছাত্র প্রথমে রাস্তার ওপরে রক্তাক্ত অবস্থায় আতাবুদ্দিনকে পড়ে থাকতে দেখেন। মৃতের পাশেই একটি মোটরসাইকেল পড়ে ছিল। পরে বিষয়টি মাদ্রাসা কর্তৃপক্ষ ও পরিবারের সদস্যদের জানানো হয়।

পরবর্তীতে নিহত আতাবুদ্দিনের স্ত্রীর মাধবপুর থানায় অভিযোগ দায়ের করেন। গোলাম সাওয়ার মোল্লা এবং গোলাম মোস্তফার বিরুদ্ধে খুনের মামলা রুজু হয়। সাওয়ার মোল্লাকে গ্রেফতার করা হলেও মোস্তাফা এখনও পলাতক। তাঁর খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। অভিযুক্তদের বিরুদ্ধে খুন এবং অপরাধমূলক ষড়যন্ত্রের মামলা রুজু করেছে পুলিশ। ধৃত সাওয়ার মোল্লাকে রবিবার আদালতে হাজির করানো হবে।

এই ঘটনার বিষয়ে কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ) কুনাল আগরওয়াল বলেন, “মৃতদহ ময়নাতদন্তের জন‍্য পাঠানো হয়েছে। এই ঘটনার সঙ্গে রাজনৈতিক যোগ এখনও পাওয়া যায়নি। তদন্ত শুরু হয়েছে। বাকি অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে।”


Share