Mob Lynching

সাইকেল চুরির সন্দেহে গণপিটুনি, হাসপাতালে নিয়ে গেলে যুবকের মৃত্যু, সিভিক ভলেন্টিয়ার-সহ গ্রেফতার চার জন

পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে সাইকেল চুরির সন্দেহে গণপিটুনিতে এক যুবকের মৃত্যুর অভিযোগে গ্রেফতার ধৃতদের আট দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

অভিযুক্তদের পুলিশের গাড়িতে তোলা হচ্ছে।
নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর
  • শেষ আপডেট: ০৭ জুলাই ২০২৬ ০৬:২২

পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে সাইকেল চুরির সন্দেহে এক যুবককে গণপিটুনি দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনায় সিভিক ভলেন্টিয়ার-সহ চারজনকে নারায়ণগড় থানার পুলিশ গ্রেফতার করেছে। মৃত যুবকের নাম নবীনচন্দ্র সিংহ (২৬)। পরিবারের দাবি, মারধরের জেরেই তাঁর মৃত্যু হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কয়েক দিন আগে নারায়ণগড়ের ডহরপুর এলাকায় একটি সাইকেল চুরির ঘটনা ঘটে। সেই ঘটনার জেরে নবীনচন্দ্র সিংহকে সন্দেহ করা হয়। অভিযোগ, এরপর এলাকার কয়েক জন মিলে তাঁকে বেধড়ক মারধর করেন। রবিবার রক্তাক্ত অবস্থায় পুলিশ তাঁর দেহ উদ্ধার করে।

এই ঘটনায় গ্রেফতার হওয়া চারজনের মধ্যে সিভিক ভলেন্টিয়ার জগন্নাথ সিংহ রয়েছেন। এ ছাড়াও, ধরা পড়েছেন আরও তিন জন। তাঁদের নাম ধর্মরাজ সিংহ, রবি সিংহ এবং জগদীশ সিংহ।

মৃতের পরিবারের অভিযোগ, মারধরের সময় সিভিক ভলেন্টিয়ার জগন্নাথ সিংহ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তিনি হামলার সাথেও জড়িত ছিলেন। নবীনচন্দ্রের দাদা বলেন, এলাকার এক ব্যক্তির বাড়িতে সাইকেল চুরির ঘটনা ঘটে। তার পর তাঁর ভাইকে সন্দেহের ভিত্তিতে কয়েকজন মিলে মারধর করে। সেই হামলার ফলেই তাঁর ভাইয়ের মৃত্যু হয়েছে বলে পরিবারের দাবি।

নারায়ণগড় থানার পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। সোমবার ধৃত চারজনকে খড়্গপুর আদালতে পেশ করা হয়। সেখানে বিচারক তাঁদের আট দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। পুলিশ জানিয়েছে, ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত অব্যাহত রয়েছে।


Share