Road Accident

পুজো দেখতে বেরিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, গাছের সঙ্গে বাইকের ধাক্কায় মৃত্যু যুবকের, আহত দুই বন্ধু

নতুন রাস্তা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারে তিন বন্ধুর বাইক। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে সুজন রায় নামে এক যুবকের, আহত তাঁর দুই বন্ধু।

বাইকের সাথে গাছের সংঘর্ষ
নিজস্ব সংবাদদাতা, নদিয়া
  • শেষ আপডেট: ১৯ অক্টোবর ২০২৬ ১০:৫৭

পুজোর আনন্দের মাঝেই মর্মান্তিক পথ দুর্ঘটনা। তিন বন্ধু মিলে মোটরসাইকেলে ঠাকুর দেখতে বেরিয়ে দুর্ঘটনার কবলে পড়লেন। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে একটি গাছে ধাক্কা মারে তাঁদের বাইক। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে সুজন রায় নামে এক যুবকের। গুরুতর জখম হন তাঁর সঙ্গে থাকা আরও দুই বন্ধু। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃতের পরিবারে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গিয়েছে, পেশায় সেন্টারিংয়ের কাজ করতেন সুজন। কাজের সূত্রে সাধারণত তাঁকে বাড়ির বাইরেই থাকতে হত। পুজো উপলক্ষে বাড়িতে এসেছিলেন তিনি। ঘটনার দিন রাতে মায়ের অজান্তে মোটরসাইকেলের চাবি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েন সুজন। পরে ফোন করে বাড়ি ফেরার কথা জানিয়েছিলেন। তিন ভাইয়ের মধ্যে সুজন ছিলেন মেজো।

জানা গিয়েছে, নতুন রাস্তা এলাকার একটি হোটেলের কাছে পৌঁছোতেই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা একটি গাছে সজোরে ধাক্কা মারে তাঁদের মোটরসাইকেল। ধাক্কার অভিঘাতে বাইকে থাকা তিন বন্ধুই আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাঁদের উদ্ধার করেন। রাত প্রায় একটা নাগাদ আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা সুজনকে মৃত বলে ঘোষণা করেন।

মৃতের মাসি গীতা বিশ্বাস জানিয়েছেন, দুর্ঘটনায় সুজনের সঙ্গে থাকা অপর দুই বন্ধুও জখম হয়েছেন। তাঁদের মধ্যে একজনের হাতে চোট লাগে এবং প্যান্ট ছিঁড়ে যায়। তবে বর্তমানে তাঁরা সুস্থ রয়েছেন বলে পরিবারের তরফে জানানো হয়েছে।

পরিবার সূত্রে খবর, ঘটনার পর রাত সাড়ে তিনটে নাগাদ দুর্ঘটনার খবর পৌঁছোয় তাঁদের কাছে। পুজোর আনন্দের মধ্যেই পরিবারের এক সদস্যকে হারিয়ে শোকস্তব্ধ পরিজনেরা। কীভাবে দুর্ঘটনাটি ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ।


Share