Baranagar Body Recover Case

‘তোমাদের আশেপাশেই আছি,’ তরুণীর নিখোঁজ ফোন থেকে পরিবারের সদস‍্যের কাছে আসছে মেসেজ, বরাহনগরের দেহ উদ্ধার মামলায় নতুন মোড়

অঞ্জলির সাউয়ের পরিবারের দাবি, হাসপাতালে পৌঁছে তারা জানতে পারে, মেয়ের গলায় আঘাতের চিহ্ন ছিল। জামাকাপড়ও ছেঁড়া ছিল। এমনকী, তরুণীর মোবাইল ফোন, পার্স, হাতঘড়ি, আংটি, ব্রেসলেট এবং কানের দুলও খুঁজে পাওয়া যায়নি বলে দাবি করা হয়েছে।

এই ফ্ল্যাট থেকেই উদ্ধার হয়েছিল দেহ।
নিজস্ব সংবাদদাতা, বরাহনগর
  • শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২৬ ০২:০৮

বরাহনগরের ফ্ল্যাট থেকে তরুণীর মৃতদেহ উদ্ধারের তদন্তে নতুন মোড়। অভিযোগ, তরুণীর মোবাইল ফোন পাওয়া যাচ্ছে না। বুধবার সেই মোবাইল ফোন থেকেই মৃতের পরিবারের সদস্যের কাছে পরপর মেসেজ আসে। মেসেজ প্ররক দাবি করছে, তিনি পরিবারের আশেপাশেই রয়েছেন। তবুও তাঁকে কেউ ধরতে পারবে না। পরিবার এক যুবককে সন্দেহ করছে। ওই যুবকের কাছেই অঞ্জলির মোবাইল ফোন রয়েছে বলে মনে করছেন তাঁরা। বিষয়টি মামলার তদন্তকারী পুলিশ আধিকারিককে জানানো হয়েছে।

তরুণীর দাদার বক্তব্য, বাড়ির একটি হোয়াটসঅ্যাপ নম্বরে বেশ কয়েকটি মেসেজ এসেছে। তাতে মেসেজ প্রেরক বলছে— তরুণীর পরিবারের যদি কিছু প্রশ্ন থাকে তা তাঁরা বলতে পারেন। সব প্রশ্নের উত্তর মেসেজ প্রেরক দেবেন। এর পরেই আবার মেসেজ পাঠানো হয়। তাতে প্রেরক দাবি করে, সে পরিবারের আশেপাশেই রয়েছে। ত সত্বেও তাঁকে ধরা যাবে না। এর পরে পাল্টা কিছু জিজ্ঞেস করতে গেলে ফোনটিকে বন্ধ করে দেওয়া হয় বলে পরিবার দাবি করছে।

পরিবারের দাবি, অঞ্জলিকে খুন করা হয়েছে। যে ফোন থেকে মেসেজ পাঠানো হচ্ছে তা অঞ্জলির ফোন। তরুণীর পরিবার এক যুবককে সন্দেহ করছে। ওই যুবকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করতেই তরুণীর খোয়া যাওয়া ফোন থেকে পর পর কয়েকটি মেসেজ আসে বলে দাবি তাঁর হয়েছে। গোটা বিষয়টি দেহ উদ্ধার মামলার তদন্তকারী আধিকারিককে তিনি জানিয়েছেন। মেসেজগুলির স্ক্রিনশট নিয়ে সেভ করে রাখার জন‍্য পুলিশ তাঁদের পরামর্শ দিয়েছে।

পুলিশ সূত্রে খবর, ফ্ল্যাট এবং আশেপাশের সিসি ফুটেজ তাঁরা সংগ্রহ করেছেন। তরুণী মোবাইলের টাওয়ার ডাম্পিং, সিডিআর খতিয়ে দেখা হচ্ছে। কোথায় তরুণীর নিখোঁজ মোবাইল ফোন খোলা হয়েছিল, তাতে মৃত তরুণীর নিজের নম্বর ব‍্যবহার করেছিল নাকি অন‍্য সিমকার্ড ব‍্যবহার করে সেই মেসেজ পাঠানো হয়েছিল— সেসব বিষয় খতিয়ে মোবাইলের আইপি অ্যাড্রেসই একমাত্র হাতিয়ার বলে মনে করছে তদন্তকারীরা। তার জন‍্য প্রযুক্তির সাহায্য নিচ্ছে পুলিশ। 

অঞ্জলির সাউয়ের পরিবারের দাবি, হাসপাতালে পৌঁছে তারা জানতে পারে, মেয়ের গলায় আঘাতের চিহ্ন ছিল। জামাকাপড়ও ছেঁড়া ছিল। এমনকী, তরুণীর মোবাইল ফোন, পার্স, হাতঘড়ি, আংটি, ব্রেসলেট এবং কানের দুলও খুঁজে পাওয়া যায়নি বলে দাবি করা হয়েছে। ফরেনসিক দল ঘটনাস্থলে নমুনা সংগ্রহের কাজ করেছে। তরুণীর সঙ্গে ওই যুবকের কী সম্পর্কের ছিল, নিখোঁজ সামগ্রী এবং মোবাইল ফোন থেকে আসা মেসেজের রহস্যর মধ্যে এই ঘটনার কোনও যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। 


Share