New Born Murder

জন্মের পরই সদ্যোজাতকে জানলা দিয়ে ছুড়ে ফেলার অভিযোগ নাবালিকা মায়ের বিরুদ্ধে, উত্তরপাড়ার নার্সিংহোমে চাঞ্চল্য

পরিবারের দাবি, মেয়েটি অন্তঃসত্ত্বা ছিল বলে তাঁদের জানা ছিল না। পেটে ব্যথা শুরু হওয়ায় তাঁকে চিকিৎসার জন্য নার্সিংহোমে নিয়ে আসা হয়।

উত্তরপাড়ার বেসরকারি নার্সিংহোমে ঘটনাটি ঘটেছে
নিজস্ব সংবাদদাতা, উত্তরপাড়া
  • শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০২৬ ০৪:২০

জন্মের পরই সন্তানকে জানলা দিয়ে ছুটে ফেলার অভিযোগ মায়ের বিরুদ্ধে! উত্তরপাড়ার বেসরকারি নার্সিংহোমে এমনই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। মা সদ্যোজাতকে জানলা দিয়ে নিচে ছুড়ে ফেলেছেন। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। খবর পেয়ে উত্তরপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।

উত্তরপাড়া পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের একটি বেসরকারি নার্সিংহোমে এই ঘটনা ঘটেছে। জানা গিয়েছে, নাবালিকা হাওড়ার বাসিন্দা। বয়স ১৬ বছর। গতকাল ওই গভীর রাতে নাবালিকাকে পেটে ব্যথা নিয়ে পরিবারের সদস্যরা নার্সিংহোমে ভর্তি করেন। পরিবারের দাবি, মেয়েটি অন্তঃসত্ত্বা ছিল বলে তাঁদের জানা ছিল না। পেটে ব্যথা শুরু হওয়ায় তাঁকে চিকিৎসার জন্য নার্সিংহোমে নিয়ে আসা হয়।

নার্সিংহোম কর্তৃপক্ষের দাবি, শনিবার সকালে রক্ত পরীক্ষার পর পেটে ব্যথা বাড়ায় নাবালিকা নিজেই হেঁটে বাথরুমে যায়। সেখানেই সে সন্তানের জন্ম দেয়। এরপর সদ্যোজাতকে জানলা দিয়ে নিচে ছুড়ে ফেলে বলে অভিযোগ। নার্সিংহোমের মালকিন সুচেতা মুখোপাধ্যায়ের দাবি, নিজের গর্ভধারণের বিষয়টি আড়াল করে স্বাভাবিক থাকার প্রমাণ দিতেই এমন কাণ্ড ঘটিয়েছে ওই নাবালিকা। এমনকী, তার পরিবারের সদস্যরাও এই গর্ভধারণের বিষয়ে কিছু জানতেন না বলে দাবি নার্সিংহোম কর্তৃপক্ষের।

অন্যদিকে, ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে এলাকার এক যুবক জানান, তিনি নিজের কাজে ব্যস্ত ছিলেন। হঠাৎ উপর থেকে ভারী কিছু পড়ার শব্দ শুনতে পান। কাছে গিয়ে দেখেন, নিচে পড়ে রয়েছে সদ্যোজাত এক শিশু। এরপর নার্সিংহোমের এক নার্স দ্রুত সেখানে এসে শিশুটিকে তুলে নিয়ে যান।

এই ঘটনা সামনে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, সদ্যোজাতকে এভাবে ফেলে দেওয়ার ঘটনা অত্যন্ত গুরুতর অপরাধ। প্রশাসনের এ বিষয়ে যথাযথ পদক্ষেপ করা উচিত। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে উত্তরপাড়া থানার পুলিশ। তবে ঠিক কী কারণে এই ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।


Share