Arrest TMC Leader

‘আমাদের পাড়া, আমাদের সমাধান’-এর বালতি মিলল নেতার বাড়িতে! শ্রীরামপুরে ‘বালতি চোর’ বিতর্কে গ্রেফতার দুই তৃণমূল নেতা

বালতিগুলিতে পূর্বতন রাজ্য সরকারের ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ প্রকল্পের স্টিকার লাগানো ছিল। অভিযোগ, সাধারণ মানুষের ব্যবহারের জন্য বরাদ্দ এই সামগ্রী দীর্ঘদিন ধরে তৃণমূলের কয়েকজন নেতার বাড়িতে মজুত রাখা হয়েছিল।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, শ্রীরামপুর
  • শেষ আপডেট: ০৬ জুন ২০২৬ ০৯:৫৬

দুর্নীতির অভিযোগে রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূল নেতাদের গ্রেফতারি নিয়ে যখন রাজনৈতিক মহলে তুমুল চর্চা চলছে, তখন হুগলির শ্রীরামপুরে সরকারি প্রকল্পের সামগ্রী মজুত ও আত্মসাতের অভিযোগ ঘিরে নতুন বিতর্কের সূত্রপাত হয়েছে। ‘বালতি চোর’ তকমা ঘিরে শাসকদলের দুই স্থানীয় নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শ্রীরামপুরের নবগ্রাম পঞ্চায়েত অফিসের সামনে হঠাৎই ১০০-রও বেশি প্লাস্টিকের বালতি পড়ে থাকতে দেখা যায়। বালতিগুলিতে পূর্বতন রাজ্য সরকারের ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ প্রকল্পের স্টিকার লাগানো ছিল। অভিযোগ, সাধারণ মানুষের ব্যবহারের জন্য বরাদ্দ এই সামগ্রী দীর্ঘদিন ধরে তৃণমূলের কয়েকজন নেতার বাড়িতে মজুত রাখা হয়েছিল। বিষয়টি প্রকাশ্যে চলে আসতেই তড়িঘড়ি বালতিগুলি পঞ্চায়েত অফিসের সামনে ফেলে রেখে দেওয়া হয় বলে অভিযোগ। শুক্রবার রাতে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ঘটনাস্থলে পৌঁছে বালতিগুলি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

অন্য দিকে, শ্রীরামপুরের রাজ্যধরপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় সরকারি প্রকল্পের বালতি, মশারি এবং সাদা থান মজুত রাখার অভিযোগে মোহন মণ্ডল ও বিষ্ণু মণ্ডল নামে দুই তৃণমূল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

ধৃতদের দাবি, সরকারি নির্দেশ অনুসারেই ওই সামগ্রীগুলি সাধারণ মানুষের মধ্যে বিতরণের জন্য সংরক্ষণ করা হয়েছিল। নির্বাচনকালীন আদর্শ আচরণবিধি জারি থাকায় সেগুলি বিতরণ করা সম্ভব হয়নি। সেই কারণেই সামগ্রীগুলি নিরাপদ স্থানে রাখা হয়েছিল বলে তাঁদের দাবি। প্রশাসনের হাতে তুলে দেওয়ার আগেই তাঁদের গ্রেফতার করা হয়েছে বলেও অভিযোগ করেছেন তাঁরা।

ঘটনাকে কেন্দ্র করে বিরোধীরা শাসকদলের বিরুদ্ধে সরব হয়েছে। সরকারি প্রকল্পের সামগ্রী সাধারণ মানুষের হাতে পৌঁছানোর পরিবর্তে দলীয় নেতা-কর্মীদের বাড়ি বা কার্যালয়ে কেন পাওয়া যাচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। ‘বালতি চোর’ বিতর্ক এখন শ্রীরামপুরের রাজনৈতিক অঙ্গনে অন্যতম আলোচিত বিষয় হয়ে উঠেছে।


Share