TMC Leader Arrested

পাথরপ্রতিমায় সোলার প্রকল্পে চুরি! লক্ষ লক্ষ টাকার ব্যাটারি-যন্ত্রপাতি গায়েব, প্রাক্তন তৃণমূল প্রধান ও পঞ্চায়েত সদস্য-সহ ধৃত তিনজন

পুলিশ সূত্রে জানা গিয়েছে, পাথরপ্রতিমা এলাকায় একটি সৌরবিদ্যুৎ প্রকল্পের জন্য রাখা সামগ্রী চুরি যাওয়ার অভিযোগ সামনে আসে। প্রকল্পের কাজে ব্যবহারের জন্য রাখা সোলার সরঞ্জাম নির্দিষ্ট জায়গায় না থাকায় বিষয়টি নজরে আসে। এরপরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফে থানায় অভিযোগ দায়ের করা হয়।

ব‍্যাটারি চুরির অভিযোগে গ্রেফতার দুই তৃণমূল নেতা।
নিজস্ব সংবাদদাতা, পাথরপ্রতিমা।
  • শেষ আপডেট: ০৪ অক্টোবর ২০২৬ ০৩:৫৩

দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমায় সোলার প্রকল্পের সরঞ্জাম চুরির অভিযোগে প্রাক্তন পঞ্চায়েতের তৃণমূল প্রধান এবং এক পঞ্চায়েত সদস্য-সহ মোট তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। সরকারি প্রকল্পের সামগ্রী কীভাবে হাতবদল হল, এই চক্রের নেপথ্যে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, পাথরপ্রতিমা এলাকায় একটি সৌরবিদ্যুৎ প্রকল্পের জন্য রাখা সামগ্রী চুরি যাওয়ার অভিযোগ সামনে আসে। প্রকল্পের কাজে ব্যবহারের জন্য রাখা সোলার সরঞ্জাম নির্দিষ্ট জায়গায় না থাকায় বিষয়টি নজরে আসে। এরপরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফে থানায় অভিযোগ দায়ের করা হয়।

অভিযোগ পাওয়ার পর তদন্তে নামে পাথরপ্রতিমা থানার পুলিশ। তদন্তের সূত্র ধরে একাধিক ব্যক্তির নাম উঠে আসে। তাঁদের জিজ্ঞাসাবাদ করার পর প্রাক্তন তৃণমূল পঞ্চায়েত প্রধান, এক পঞ্চায়েত সদস্য এবং আরও এক ব্যক্তিকে গ্রেফতার করা হয় বলে জানা গিয়েছে।

সরকারি প্রকল্পের সামগ্রী চুরির ঘটনায় রাজনৈতিক যোগ সামনে আসায় স্বাভাবিক ভাবেই শুরু হয়েছে জোর চর্চা। জানা গিয়েছে, সোলার প্রকল্পে মোট খরচ সাড়ে তিন কোটি টাকা খরচ হয়েছে। তদন্তকারীদের মূল নজর এখন চুরি যাওয়া সোলার প্রকল্পের সামগ্রী কোথায় গেল, সেগুলি বিক্রি করা হয়েছিল কি না এবং এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না, তার ওপর। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে চক্রের সম্পূর্ণ তথ্য জানার চেষ্টা করছে পুলিশ।

উল্লেখ্য, পাথরপ্রতিমায় সরকারি প্রকল্পের সামগ্রী নিয়ে এর আগেও বিতর্ক তৈরি হয়েছে। চলতি বছরের মে মাসে দুর্বাচটি গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূল অঞ্চল সভাপতি গৌতম আড়ির বাড়ি থেকে কম্বল, ত্রিপল, পানবরোজের চট, মাছের খাবার-সহ বিভিন্ন সরকারি সামগ্রী উদ্ধারের অভিযোগ ওঠে। সেই ঘটনাতেও পুলিশ তাঁকে গ্রেফতার করেছিল এবং সুন্দরবন উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছিল।

এ বার সোলার প্রকল্পের সামগ্রী চুরির অভিযোগে প্রাক্তন পঞ্চায়েত প্রধান ও পঞ্চায়েত সদস্য-সহ তিনজন গ্রেফতার হওয়ায় নতুন করে রাজনৈতিক মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে। সরকারি প্রকল্পের সম্পত্তি কীভাবে চুরি হল এবং এর পিছনে বড় কোনও চক্র রয়েছে কি না, তদন্তের পরই তা স্পষ্ট হবে।


Share