Accident

সন্দেশখালিতে প্রাক্তন তৃণমূল বিধায়কের গাড়ির ধাক্কায় মৃত্যু দু'জনের, পলাতক চালক

সুকুমারের বক্তব্য, ‘‘আমি গাড়িতে থাকি বা না থাকি, যেহেতু আমার গাড়ির ধাক্কায় দু’জনের প্রাণ গিয়েছে, তাই ওই দু’টি পরিবারের পাশে আমি থাকব। সব রকম সাহায্য করব। যাঁরা আহত হয়েছেন, তাঁদের পাশেও আছি।’’

জলে ভাসছে স্করপিয়োটি
নিজস্ব সংবাদদাতা, সন্দেশখালি
  • শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০২৬ ০৭:২৪

সন্দেশখালিতে প্রাক্তন তৃণমূল বিধায়কের গাড়ির ধাক্কায় প্রাণ গেল দু’জনের। গুরুতর আহত হয়েছেন আরও এক জন। বুধবার সন্দেশখালির বয়ারমারি এলাকায় প্রাক্তন তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতোর স্করপিয়ো গাড়ির সঙ্গে একটি টোটোর মুখোমুখি সংঘর্ষ হয়। ধাক্কার জেরে দু’টি গাড়িই রাস্তার পাশের পুকুরে পড়ে যায়। দুর্ঘটনার পর থেকেই গাড়ির চালকের খোঁজ মিলছে না। তবে দুর্ঘটনার সময় সুকুমার মাহাতো গাড়িতে ছিলেন না।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সুকুমার মাহাতোকে আনতে তাঁর নতুন চালক স্করপিয়ো গাড়ি নিয়ে কলকাতার দিকে যাচ্ছিলেন। অন্যদিকে, মালঞ্চের দিক থেকে যাত্রী নিয়ে সন্দেশখালির দিকে একটি টোটো যাচ্ছিল। বয়ারমারি এলাকায় আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে স্করপিয়োটি টোটোয় সজোরে ধাক্কা মারে। এরপর দু’টি গাড়িই পুকুরে পড়ে যায়। টোটোয় থাকা যাত্রীরা গুরুতর জখম হন।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজে হাত লাগান। আহতদের উদ্ধার করে মিনাখাঁ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা টোটোচালক ও এক মহিলাকে মৃত বলে ঘোষণা করেন। মৃতদের নাম মুজিবুর রহমান (৪৭) এবং মহিমা বিবি (৫০)। আহত আরও এক জন বর্তমানে মিনাখাঁ হাসপাতালে চিকিৎসাধীন।

খবর পেয়ে ন্যাজাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছোয়। দুর্ঘটনার ভয়াবহতার কথা জানিয়েছেন প্রত্যক্ষদর্শী মিজানুর মোল্লা। তাঁর কথায়, ‘‘আমরা পুকুরের ধারে দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ বিকট আওয়াজ শুনতে পাই। দেখি, কালো স্করপিয়ো গাড়িটি টোটোকে ধাক্কা মেরে পুকুরে পড়ে গেল। চিৎকার করে লোকজন জড়ো করি। তার পর পুকুরে নেমে স্করপিয়োটি সরিয়ে তার নীচ থেকে টোটোটি বের করি। ভিতরে এক মহিলা ছিলেন। তাঁকে বের করতে অনেক সময় লেগেছিল।’’

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান সন্দেশখালির বিজেপি বিধায়ক সনৎ সর্দার। নিহত ও আহতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি। পাশাপাশি, দুর্ঘটনায় মৃত দুই ব্যক্তির পরিবারের পাশে দাঁড়ানোর জন্য প্রাক্তন তৃণমূল বিধায়ককেও অনুরোধ জানান।

অন্যদিকে, দুর্ঘটনা নিয়ে সুকুমার মাহাতো জানিয়েছেন, চালকের সঙ্গে তিনি যোগাযোগ করতে পারছেন না। চালক বর্তমানে কোথায় রয়েছেন, তা-ও তাঁর জানা নেই বলে দাবি করেছেন তিনি। সুকুমারের বক্তব্য, ‘‘আমি গাড়িতে থাকি বা না থাকি, যেহেতু আমার গাড়ির ধাক্কায় দু’জনের প্রাণ গিয়েছে, তাই ওই দু’টি পরিবারের পাশে আমি থাকব। সব রকম সাহায্য করব। যাঁরা আহত হয়েছেন, তাঁদের পাশেও আছি।’’

দুর্ঘটনার পর পলাতক চালকের খোঁজে এবং ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।


Share