Drowning

গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেলেন দুই বন্ধু, আড়াই ঘণ্টা পরেও শুরু হয়নি উদ্ধারকাজ, ক্ষুব্ধ পরিবার ও স্থানীয়রা

বন্ধুর সোমনাথ ঘোষের বক্তব্য অনুযায়ী, সকাল ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে এই দুর্ঘটনা ঘটে। নবদ্বীপ থানায় দ্রুত জানানো সত্ত্বেও বেলা সাড়ে এগারোটা পর্যন্ত প্রশাসনের তরফে কোনও রেসকিউ টিম বা ডুবুরি পাঠানো হয়নি।

নবদ্বীপে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল দুই বন্ধু
নিজস্ব সংবাদদাতা, নবদ্বীপ
  • শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০২৬ ০৫:৫২

শরীরচর্চা সেরে গঙ্গায় স্নান করতে নেমে বিপত্তি। তলিয়ে গেল দুই বন্ধু। নবদ্বীপের দেয়ারাপাড়া সংলগ্ন কর্মমন্দির মাঠের ঘাট এলাকায় ঘটনাটি ঘটেছে। নিখোঁজ দুই যুবকের নাম আদিত্য সাহা (২০) ও সুরোজিৎ দে। আদিত্য নবদ্বীপ শহরের চটীর মাঠ পাল পাড়া এলাকার বাসিন্দা। সুরোজিতের বাড়ি দণ্ডপাণিতলা কাঁসারিপাড়ায়। ঘটনার আড়াই ঘণ্টা পেরিয়ে গেলেও কোনও ডুবুরি বা বিপর্যয় মোকাবিলা দল ঘটনাস্থলে পৌঁছোয়নি।নিখোঁজদের পরিবার ও স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে কর্মমন্দির মাঠে প্র্যাকটিস শেষে আদিত্য ও সুরোজিৎ দেয়ারাপাড়া ঘাটে গঙ্গায় নামে। ঘাটের কাছে দাঁড়িয়ে থাকা স্কুলগাড়ির চালক দুলাল ঘোষ জানান, সকাল সোয়া ন’টা নাগাদ ঘাটের পাড় থেকে মাত্র দশ ফুট দূরে স্নানরত এক যুবককে আচমকা একবার মাথা তুলে পরক্ষণেই তিনি তলিয়ে যেতে দেখেন। বেশ কিছুক্ষণ অপেক্ষা করেও সে আর ভেসে না ওঠায় তিনি দ্রুত মাঠে থাকা অন্যদের খবর দেন। খোঁজাখুঁজির একপর্যায়ে ঘাটের পাড় থেকে নিখোঁজদের সাইকেল ও মোবাইল ফোন উদ্ধার হয়। এর পরই পরিবারের সদস্য ও নবদ্বীপ থানায় খবর দেওয়া হয়।

খবর পেয়ে ঘাটে ছুটে নিখোঁজদের বন্ধু সোমনাথ ঘোষ সেখানে ছুটে আসেন। তাঁর বক্তব্য অনুযায়ী, সকাল ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে এই দুর্ঘটনা ঘটে। নবদ্বীপ থানায় দ্রুত জানানো সত্ত্বেও বেলা সাড়ে এগারোটা পর্যন্ত প্রশাসনের তরফে কোনও রেসকিউ টিম বা ডুবুরি পাঠানো হয়নি।

নবদ্বীপ একটি গুরুত্বপূর্ণ জনবহুল ও তীর্থক্ষেত্র হওয়া সত্ত্বেও এখানে এমন দুর্ঘটনা বারবার ঘটছে বলে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন। সম্প্রতি অন্য একটি ঘাটেও একই ধরনের ঘটনা ঘটেছিল। এলাকাবাসীর দাবি, সাধারণ মানুষ ও পুণ্যার্থীদের সুরক্ষার স্বার্থে এবং যেকোনো জরুরি পরিস্থিতি দ্রুত সামাল দিতে নবদ্বীপে অবিলম্বে অন্তত চারজনের একটি স্থায়ী ডুবুরি দল মোতায়েন করা প্রয়োজন।


Share