Bangladeshi Arrested

অবৈধ ভাবে ভারতে এসে করছিল রাজমিস্ত্রির কাজ! লালগোলায় পুলিশের জালে দুই বাংলাদেশি অনুপ্রবেশকারী

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, এই দু’জন দালালের মাধ্যমে এ রাজ‍্যে অবৈধ ভাবে প্রবেশ করেছে। এই অনুপ্রবেশ চক্রের সঙ্গে স্থানীয় আর কারা যুক্ত এবং তাদের আশ্রয় দেওয়ার পেছনে কাদের মদত ছিল, তা জানতে লালগোলা থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

লালগোলায় ধৃত দুই বাংলাদেশি যুবক।
নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদ
  • শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৬ ০৮:৫৬

মুর্শিদাবাদে গ্রেফতার হল দুই বাংলাদেশি অনুপ্রবেশকারী। ধৃতদের নাম মহম্মদ দুলাল (৩১) ও রসেদুল ইসলাম (৩০)। তারা বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা বলে পুলিশ জানতে পেরেছে। শনিবার রাতে অভিযান চালিয়ে দু’জনকে পুলিশ গ্রেফতার করেছে।

​পুলিশ সূত্রে জানা গিয়েছে, মাসখানেক আগে সীমান্ত পেরিয়ে অবৈধ ভাবে মহম্মদ দুলাল আর রসেদুল ইসলাম ভারতে অনুপ্রবেশ করেছিল। এ রাজ‍্যে এসে এরপর লালগোলা থানার এলাকার রামনগরে এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছিল। এখানে এসে ওই দুই যুবক রাজমিস্ত্রির কাজে নিযুক্ত হয়। বিভিন্ন এলাকায় এই কাজ করেছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

শনিবার রাতে গোপন সূত্রে খবরের ভিত্তিতে রামনগর এলাকায় অভিযান চালায়। সেখানকার একটি বাড়ি থেকে পুলিশ দু’জনকে আটক করে লালগোলা থানায় নিয়ে যায়। পুলিশের দাবি, দুই যুব জিঞ্জাসাবাদে তারা শিকার করেছে যে তারা বাংলাদেশের নাগরিক। পুলিশ জানিয়েছে, ​রবিবার ধৃতদের লালগোলা হোল্ডিং সেন্টারে পাঠানো হয়েছে। বিষয়টি এফআরআরও-কে জানানো হয়েছে। তাদেরকে পুনরায় বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে বলে সূত্রের খবর।

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, এই দু’জন দালালের মাধ্যমে এ রাজ‍্যে অবৈধ ভাবে প্রবেশ করেছে। এই অনুপ্রবেশ চক্রের সঙ্গে স্থানীয় আর কারা যুক্ত এবং তাদের আশ্রয় দেওয়ার পেছনে কাদের মদত ছিল, তা জানতে লালগোলা থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।


Share