Baruipur Incident

বারুইপুরের আন্দোলনের নামে যুবককে পিটিয়ে খুন এবং অশান্তির ঘটনায় ধৃত আরও ২২ জন, গ্রেফতারির সংখ্যা বেড়ে ৪০

ঘটনার পরেই নির্যাতিতার পরিবারের সঙ্গে মুখ‍্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ফোনে কথা বলেন। দোষীদের সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে বলে পরিবারের সদস্যদের আশ্বস্ত করেছেন। পাশাপাশি গোলমাল এবং গণপিটুনির ঘটনায় সাম্প্রদায়িক যোগ রয়েছে বলে স্পষ্ট করেন মুখ্যমন্ত্রী।

বারুইপুরের তান্ডবের ঘটনায় বাড়ল গ্রেফতারির সংখ্যা।
নিজস্ব সংবাদদাতা, বারুইপুর
  • শেষ আপডেট: ০৯ জুলাই ২০২৬ ১১:৫৭

বারুইপুরের আন্দোলনের নামে এলাকায় তান্ডব, ভাঙচুর এবং নির্দোষ যুবককে গণপিটুনি দিয়ে হত‍্যার ঘটনায় আরও ২২ জনকে গ্রেফতার করল পুলিশ। মুখ‍্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বারুইপুরে কান্ডে ‘অতৃপ্ত আত্মা’-দের হুঁশিয়ারি দিয়েছিলেন। এ বার সেই ঘটনায় ধারাবাহিক অভিযান চালিয়ে পদক্ষেপ করছে পুলিশ।

গতকালই গোলমালের ঘটনায় ১৮ জনকে গ্রেফতার করা হয়েছিল। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে বাকি অভিযুক্তদের খোঁজ পায় পুলিশ। রাজ‍্য পুলিশের এসটিএফের সাহায্যে বুধবার সারারাত অভিযান চালিয়ে আরও ১৮ জন ‘অতৃপ্ত আত্মা’ গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রের খবর, সমাজমাধ‍্যমে ছড়িয়ে পড়া ভিডিয়ো থেকে তাদের চিহ্নিত করা হয়েছে। এদের মধ্যে কয়েক জন ঘটনার দিন থেকেই পলাতক ছিল। বারুইপুর-সহ আশপাশের এলাকায় চিরুনি তল্লাশি চালিয়ে ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। আন্দোলনের নামে যুবককে গণপিটুনি দিয়ে হত্যা, এলাকায় তান্ডব, পুলিশের ওপর হামলা এবং সরকারি সম্পত্তি নষ্ট করার অভিযোগে সব মিলিয়ে গ্রেফতারির সংখ্যা দাঁড়াল ৪০।

রবিবার সকালে বারুইপুরের নাবালিকা পানা পুকুর থেকে কিশোরীর দেহ উদ্ধার করা হয়। তার পর থেকে এলাকায় আন্দোলন শুরু হয়। আন্দোলনের নামে ইন্দ্রজিৎ তাঁতি নামে এক যুবককে গণপিটুনি দিয়ে হত‍্যা করা হয়। পাশাপাশি রেল অবরোধ, পুলিশের ওপরে হামলা, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ধর্ষণ ও খুনের মামলা বাদে আরও তিনটি মামলা রুজু করে পুলিশ। সেই মামলাতেই অভিযান চালিয়ে এখনও পর্যন্ত ৪০ জনকে পুলিশ গ্রেফতার করেছে। ধৃতদের হেফাজতে চেয়ে বৃহস্পতিবারই বারুইপুর আদালতে হাজির করানো হবে। 

ঘটনার পরেই নির্যাতিতার পরিবারের সঙ্গে মুখ‍্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ফোনে কথা বলেন। দোষীদের সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে বলে পরিবারের সদস্যদের আশ্বস্ত করেছেন। পাশাপাশি গোলমাল এবং গণপিটুনির ঘটনায় সাম্প্রদায়িক যোগ রয়েছে বলে স্পষ্ট করেন মুখ্যমন্ত্রী। সিপিএম এবং তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করেন। ‘অতৃপ্ত আত্মা’-দের কাউকে রেয়াত করা হবে না বলেও হুঁশিয়ারি দেন।

গত মঙ্গলবার মুখ্যমন্ত্রী বারুইপুরে পুলিশ সুপারের দফতরে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে নির্যাতিতার পরিবার এবং গণপিটুনিতে নিহত যুবকের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। গণপিটুনিতে নিহত যুবক ইন্দ্রজিৎ তাঁতি নির্দোষ ছিল বলেও জানান তিনি। সমাজমাধ‍্যমে ছড়িয়ে পড়া ভিডিয়ো দেখে ২০০ জনকে পুলিশ চিহ্নিত করেছে বলেও জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু। একই সঙ্গে যাঁরা উস্কানি দিয়েছে এবং যারা সমাজমাধ‍্যমে এই সংক্রান্ত ভিডিয়ো পোস্ট করে ভুয়ো দাবি করছে তাদের বিরুদ্ধেও ব‍্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।


Share