Arrest TMC Leader

শাড়ির স্তূপের নীচে লুকিয়েও রক্ষা পেলেন না তৃণমূল নেতা, আবাস যোজনার নামে কাটমানি নেওয়ার অভিযোগে গ্রেফতার ব্রহ্মানন্দ

অভিযোগ, সরকারি আবাসন প্রকল্পের সুবিধাভোগীদের কাছ থেকে বেআইনি কমিশন বা কাটমানি আদায় করা হয়েছিল। এই অভিযোগে কয়েক জন স্থানীয় বাসিন্দা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

শাড়ির স্তূপে লুকোনোর পরেও গ্রেফতার তৃণমূল নেতা।
নিজস্ব সংবাদদাতা, হাওড়া
  • শেষ আপডেট: ০৭ জুন ২০২৬ ০৫:৪৬

হাওড়ার উদয়নারায়ণপুরে কাটমানি নেওয়ার অভিযোগে গ্রেফতার এক তৃণমূল নেতা। অভিযোগ, গ্রেফতারি এড়াতে তিনি একটি কাপড়ের দোকানের গুদামে শাড়ির স্তূপের নীচে লুকিয়ে ছিলেন। শেষ পর্যন্ত সেখান থেকেই তাঁকে উদ্ধার করে আটক করা হয়। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম ব্রহ্মানন্দ চক্রবর্তী। তিনি উদয়নারায়ণপুরের বিলাসপুর এলাকার বাসিন্দা এবং স্থানীয় তৃণমূলের সঙ্গে যুক্ত বলে জানা গিয়েছে। অভিযোগ, সরকারি আবাসন প্রকল্পের সুবিধাভোগীদের কাছ থেকে বেআইনি কমিশন বা কাটমানি আদায় করা হয়েছিল। এই অভিযোগে কয়েক জন স্থানীয় বাসিন্দা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ।

তদন্ত চলাকালীন ব্রহ্মানন্দ চক্রবর্তীর খোঁজ শুরু হয়। পুলিশ দাবি করেছে, গ্রেফতারের আশঙ্কায় তিনি এলাকা ছেড়ে আত্মগোপন করেছিলেন। পরে গোপন সূত্রে খবর পেয়ে একটি স্থানীয় কাপড়ের দোকানে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় দোকানের গুদামে শাড়ির বড় স্তূপের নীচে লুকিয়ে থাকা অবস্থায় তাঁকে উদ্ধার করা হয় বলে পুলিশের দাবি। পুলিশের চোখ ফাঁকি দেওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত তিনি ধরা পড়েন। পরে তাঁকে গ্রেফতার করা হয়।

এ দিকে, ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিয়োতে দেখা যায়, শাড়ির গাদা সরিয়ে এক ব্যক্তিকে বের করে আনছেন পুলিশকর্মীরা। স্থানীয়দের দাবি, ভিডিয়োতে দেখা যাওয়া ব্যক্তিই ব্রহ্মানন্দ চক্রবর্তী। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হলেও এখনও পর্যন্ত এ বিষয়ে তৃণমূল কংগ্রেসের তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।

পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত অব্যাহত রয়েছে। প্রয়োজনে ধৃতকে আরও জিজ্ঞাসাবাদ করা হবে এবং তদন্তে উঠে আসা তথ্যের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।


Share