Land Scam

সরকারি জমি পাইয়ে দেওয়ার নাম করে লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে, অভিযুক্তের বাড়ির সামনে আত্মহত্যার চেষ্টা মহিলার

অভিযোগ অস্বীকার করে তৃণমূল নেতা উৎপল বসাক। তাঁর দাবি, পুরো ঘটনাই রাজনৈতিক ষড়যন্ত্র। তাঁকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে।

তৃণমূল নেতা উৎপল বসাক।
নিজস্ব সংবাদদাতা, নদিয়া
  • শেষ আপডেট: ২১ মে ২০২৬ ০১:০৮

পালাবদলের পর থেকেই একের পর এক নিত্যনতুন অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে। এবার সরকারি জমি পাইয়ে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা ও সোনার গয়না আত্মসাতের অভিযোগ উঠল এক তৃণমূল নেতার বিরুদ্ধে। অভিযুক্তের বাড়ির সামনেই এক মহিলা কেরোসিন তেল ঢেলে আত্মহত্যার চেষ্টা করেন। নদিয়ার শান্তিপুরে ঘটনাটি ঘটেছে। ঘটনাকে ঘিরে ফুলিয়া এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

অভিযুক্তের নাম উৎপল বসাক। তিনি বর্তমানে তৃণমূলের শান্তিপুর ২ নম্বর ব্লক সভাপতি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তিনি একসময় ফুলিয়া টাউনশিপ গ্রাম পঞ্চায়েতের প্রধানও ছিলেন।

অভিযোগ, দীর্ঘদিন ধরে ভাড়া বাড়িতে থাকতেন এক দম্পতি। তাঁদেরকেই উৎপল বসাক সরকারি জমি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন। সেই আশ্বাসে  তাঁরা ভরসা করেন। ওই মহিলা ও তাঁর পরিবার ধাপে ধাপে লক্ষ লক্ষ টাকা এবং সোনার অলংকার অভিযুক্ত নেতার হাতে তুলে দেন। কিন্তু প্রায় দশ বছর কেটে গেলেও তাঁরা কোনও জমি পাননি।

মহিলার দাবি, পরে টাকা ও গয়না ফেরত চাইতে গেলে উল্টে হুমকি দেওয়া হত। এমনকি তাঁর স্বামী ও আট বছরের মেয়েকেও ক্ষতি করার ভয় দেখানো হয়েছে বলেও অভিযোগ করেন। বুধবার ফের টাকা চাইতে গেলে বচসা বাধে। এরপরই তাঁরা নিরুপায় হয়ে পড়েন। অভিযুক্ত নেতার বাড়ির সামনে নিজের গায়ে কেরোসিন তেল ঢেলে ওই মহিলা আত্মহত্যার চেষ্টা করেন। স্থানীয়দের তৎপরতায় তিনি প্রাণে বাঁচেন।

স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করেন। খবর পেয়ে শান্তিপুর থানার পুলিশও ঘটনাস্থলে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ওই মহিলা শান্তিপুর থানায় উৎপল বসাকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।

ওই মহিলা বলেন, “আমরা বহুদিন ধরে ভাড়া বাড়িতে থাকি। সেই সুযোগ নিয়েই আমাদের সরকারি জমি পাইয়ে দেওয়ার প্রলোভন দেখানো হয়েছিল। অনেক কষ্ট করে জমানো টাকা ও সোনার গয়না সব নিয়ে নেওয়া হয়েছে। এখন কিছুই ফেরত পাচ্ছি না। বাধ্য হয়েই আত্মহত্যার পথ বেছে নিতে গিয়েছিলাম।”

যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত তৃণমূল নেতা উৎপল বসাক। তাঁর দাবি, “পুরো ঘটনাই রাজনৈতিক ষড়যন্ত্র। কয়েকজন বিজেপি নেতা আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। আমি কারও কাছ থেকে টাকা নিইনি। আমিও ওই মহিলার বিরুদ্ধে লিখিত অভিযোগ জানাব।” ঘটনায় রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে।

 বিজেপির পঞ্চায়েত সদস্যা ডোনা বসাক বলেন, “এই মহিলার মতো আরও অনেকে প্রতারিত হয়েছেন বলে শুনেছি। প্রশাসনের কাছে দাবি, দ্রুত তদন্ত করে কঠোর ব্যবস্থা নেওয়া হোক।” ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।


Share