Police Beaten

পরাজয়ের পরেও দিনে দুপুরে তৃণমূল কাউন্সিলরের ঔদ্ধত্য! পুলিশের নাক ফাটিয়ে শ্রীরামপুর গ্রেফতার তৃনমূল কাউন্সিলর

পুলিশ সূত্রে জানা গেছে, শ্রীরামপুর টিন বাজার এলাকায় একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের তালা বন্ধ ছিল। পুলিশ সেই তালা খুলতে যায়। তাঁদের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও সেখানে উপস্থিত ছিল।

শ্রীরামপুর পুলিশ স্টেশন।
নিজস্ব সংবাদদাতা, শ্রীরামপুর
  • শেষ আপডেট: ০৭ মে ২০২৬ ০৩:৫২

সোমবারই বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে। বিজেপির কাছে শিবিরের কাছে কার্যত পর্যুদস্ত হয়েছে তৃণমূল শিবির। তবুও তৃণমূল নেতাদের ঔদ্ধত্য যেন পিছু ছাড়ছে না। এ বার কর্তব্যরত পুলিশ কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। অভিযুক্ত তৃণমূল নেতাকে গ্রেফতার করে পাঠানো হল শ্রীরামপুর আদালতে। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শ্রীরামপুর টিন বাজার এলাকায় একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা বন্ধ ছিল। পুলিশ সেই তালা খুলতে যায়। তাঁদের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও সেখানে উপস্থিত ছিল।

অভিযোগ, শ্রীরামপুর পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের তৃনমূল কাউন্সিলর রাজেশ শা ওরফে কুকুয়া তালা খুলতে বাধা দেন। ক্রমেই পুলিশের সঙ্গে কাউন্সিলরের বচসার সৃষ্টি হয়। এর এক পর্যায়ে থানার এএসআই নটরাজের নাকে ঘুষি মারে কাউন্সিলর। নাক ফেটে রক্ত বের হতে থাকে। সঙ্গে সঙ্গে রাজেশ শা-সহ তার দু’ই সঙ্গীকে পুলিশ গ্রেফতার করেছে।

শ্রীরামপুরের বিজেপি বিধায়ক ভাস্কর ভট্টাচার্য বলেন, “পুলিশ কোন রঙ না দেখে ব্যবস্থা নেবে। এখানে আইনের শাসন প্রতিষ্ঠা হোক, এটাই আমরা চাই। পুলিশ তার জন্য অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করবেন। কাকে গ্রেফতার করবেন সেটা তাঁদের ব্যাপার। এখানে আমরা কোনও হস্তক্ষেপ করব না।”

তৃণমূল কাউন্সিলর রাজেশ শ্রীরামপুর থানা থেকে আদালতে যাওয়ার পথে বলেন, "আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র করা হয়েছিল। সেটা দখল নিতে চেয়েছিল বিজেপি ও সিপিএম। এই নিয়ে একটা ঝামেলা হয়।" তৃণমূল কাউন্সিলরের এ-ও জানান, তিনি গায়ে হাত দেননি।


Share