TMC Leader Arrested

ক্যানিংয়ে তৃণমূলের বুথ সভাপতি গ্রেফতার, বাড়ি থেকে উদ্ধার বন্দুক, কার্তুজ ও তাজা বোমা

তল্লাশি চালিয়ে দুটি বন্দুক, চারটি কার্তুজ এবং একটি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। বেআইনি অস্ত্র ও বিস্ফোরক মজুত রাখার অভিযোগে গ্রেফতার করা হয়েছে আলাউদ্দিন তরফদারকে।

ধৃতের নাম আলাউদ্দিন তরফদার।
নিজস্ব সংবাদদাতা, ক্যানিং
  • শেষ আপডেট: ০৩ আগস্ট ২০২৬ ০১:৫৬

দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে অবৈধ আগ্নেয়াস্ত্র ও বোমা উদ্ধারের ঘটনায় তৃণমূল কংগ্রেসের এক স্থানীয় নেতাকে পুলিশ গ্রেফতার করেছে।। ধৃতের নাম আলাউদ্দিন তরফদার। তিনি ক্যানিং থানার দীঘির পাড় গ্রাম পঞ্চায়েতের উত্তর অঙ্গদবেড়িয়া এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তিনি স্থানীয় তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি।

পুলিশের দাবি, গোপন সূত্রে খবর পাওয়ার পর রবিবার গভীর রাতে আলাউদ্দিনের বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়। অভিযানের সময় তাঁর বাড়ি থেকে দুটি বন্দুক, চারটি কার্তুজ এবং একটি তাজা বোমা উদ্ধার করা হয়। এরপর বেআইনি অস্ত্র ও বিস্ফোরক মজুত রাখার অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়।

উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক কীভাবে তাঁর কাছে এল এবং কোথা থেকে সেগুলি সংগ্রহ করা হয়েছিল, তা জানার চেষ্টা করছে পুলিশ। পাশাপাশি, এই অস্ত্র ও বোমা কী উদ্দেশ্যে রাখা হয়েছিল, সেই বিষয়েও তদন্ত চলছে।

উল্লেখ্য, কয়েক দিন আগেই ক্যানিংয়ের ইটখোলা পঞ্চায়েতের দক্ষিণ ডেভিসাবাদ এলাকায় একটি বাড়িতে তল্লাশি চালিয়ে একটি বন্দুক, এক রাউন্ড গুলি, ১২৫টি খালি ১২ বোরের কার্তুজ, আগ্নেয়াস্ত্রের একাধিক যন্ত্রাংশ এবং একটি লম্বা ভারি এয়ারগান উদ্ধার করেছিল পুলিশ। সাম্প্রতিক এই ঘটনার সঙ্গে সেই অভিযানের কোনও যোগসূত্র রয়েছে কি না, তাও তদন্তকারীরা খতিয়ে দেখছেন।


Share