Post Poll Violence

খুলেছে পুরোনো ফাইল, ভোট পরবর্তী হিংসার ঘটনায় ডানকুনির তৃণমূল কাউন্সিলর সূর্য দে গ্রেফতার

সম্প্রতি ২০২১ সালের বিধানসভা নির্বাচনে পরে হিংসার ঘটনায় পুরোনো মামলার ফাইল খোলার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নতুন করে মামলা রুজুও করতে বলেছেন। যে মামলার রিপোর্ট জমা পড়েছে তা-ও পরীক্ষা করে দেখতে বলেছেন।

(বাঁ দিক থেকে) ধৃত তৃণমূল কাউন্সিলর সূর্য দে এবং সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
নিজস্ব সংবাদদাতা, ডানকুনি
  • শেষ আপডেট: ২১ মে ২০২৬ ০২:২৬

রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে ২০২১ সালের ভোট পরবর্তী হিংসার ঘটনায় ডানকুনি পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা তৃণমূল নেতা সূর্য দে-কে গ্রেফতার করল ডানকুনি থানার পুলিশ। পুলিশ সূত্রের খবর, বৃহস্পতিবার তাঁকে শ্রীরামপুর আদালতে হাজির করানো হবে।

জানা গিয়েছে, এক ব্যক্তিকে মারধর ও প্রাণনাশের হুমকি দিয়েছিলেন তৃণমূল কাউন্সিলর। সেই অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের হয়। অভিযোগ, ২০২১ সালের ভোট পরবর্তী সময়ে ঘটনাটি ঘটলেও তৃণমূল কাউন্সিলর সূর্য দে-র ভয়ে সেই সময় থানায় লিখিত অভিযোগ দায়ের করতে পারেননি ওই ব্যক্তি। পরে সরকার পরিবর্তনের পর নতুন করে অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ খতিয়ে দেখে বৃহস্পতিবার ভোর রাতে সূর্য দে-র বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করে ডানকুনি থানার পুলিশ।

উল্লেখ্য, সম্প্রতি ২০২১ সালের বিধানসভা নির্বাচনে পরে হিংসার ঘটনায় পুরোনো মামলার ফাইল খোলার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। নতুন করে মামলা রুজুও করতে বলেছেন। রাজ‍্য পুলিশ জানিয়েছে, এখনও পর্যন্ত ৪৫৮টি মামলায় নতুন করে অনুসন্ধান শুরু করেছে। এ ছাড়াও, ১৮১টি নতুন এফআইআর দায়ের হয়েছে। ২০২১ সালে বিধানসভা ভোটের পরে অর্ধশতাধিক মানুষ রাজনৈতিক হিংসার বলি হয়েছিলেন। প্রায় দু’হাজার ভোট-পরবর্তী সন্ত্রাস সংক্রান্ত মামলা দায়ের হয়েছিল। তার মধ্যে অনেক মামলারই চূড়ান্ত রিপোর্ট জমা পড়েছে। তবে নতুন করে ৫৯টি মামলার ফাইল খুলেছে। ভবিষ্যতে এমন আরও অনেক মামলার ফাইল খোলা হবে সেই ইঙ্গিতও মিলেছে।


Share