TMC-BJP Clash

নির্বাচনী প্রচারে গিয়ে আক্রান্ত বিজেপি কর্মী! তৃণমূল-বিজেপির সংঘর্ষে উত্তপ্ত ডানকুনি, অভিযোগ অস্বীকার কাউন্সিলরের

রবিবার সন্ধ্যায় চন্ডীতলা বিধানসভার ডানকুনি পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডে বিজেপি কর্মী সমর্থকেরা নির্বাচনী প্রচার চালাচ্ছিলেন। অভিযোগ, সেই সময় কয়েক জন তৃণমূল কর্মী দলীয় কার্যালয় থেকে বেরিয়ে এসে বাধা দেয়। তার পরেই এলাকা ছেড়ে চলে যাওয়ার জন্য হুমকি দেয়।

আক্রান্ত বিজেপি কর্মী।
নিজস্ব সংবাদদাতা, ডানকুনি
  • শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ০৩:১৬

নির্বাচনী প্রচারে গিয়ে আক্রান্ত বিজেপি কর্মী। হুগলির ডানকুনি পুরসভায় এলাকায় ঘটনাটি ঘটেছে। বিজেপির অভিযোগ, ১৮ নম্বর ওয়ার্ডের মহিশাল পাড়ায় নির্বাচনী প্রচার চালানোর সময় বিজেপি কর্মীদের বেধড়ক মারধর করেন তৃণমূল নেতা। অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর ঘটনার কথা অস্বীকার করেছেন। তাঁর পাল্টা দাবি, বিজেপির কর্মীরা এলাকায় সাম্প্রদায়িক অশান্তি ছড়ানোর চেষ্টা করছে। তাই সেই কর্মের প্রতিবাদ করা হয়েছে।

রবিবার সন্ধ্যায় চন্ডীতলা বিধানসভার ডানকুনি পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডে বিজেপি কর্মী সমর্থকেরা নির্বাচনী প্রচার চালাচ্ছিলেন। অভিযোগ, সেই সময় কয়েক জন তৃণমূল কর্মী দলীয় কার্যালয় থেকে বেরিয়ে এসে বাধা দেয়। তার পরেই এলাকা ছেড়ে চলে যাওয়ার জন্য হুমকি দেয়। বিজেপির মন্ডল সভাপতিকে বেধড়ক মারধর করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। শুধু তার নয় বিজেপির মহিলা কর্মীদেরকেও হেনস্থা করা হয়েছে বলে বিজেপি দাবি করেছে। ঘটনায় এক বিজেপি কর্মী বলেন, “বিজেপি কর্মীদের বাড়ি ও দোকান পুড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে।”

ঘটনায় দু’জন বিজেপি কর্মী জখম হয়েছেন বলে বিরোধী শিবির দাবি করেছে। চন্ডীতলা ৫ নম্বর মন্ডলের বিজেপির সভাপতি নন্দকিশোর হেলা বলে, “আমরা ১০-১২ জন মিলে বাড়ি বাড়ি গিয়ে দলীয় প্রচার করছিলাম। সেই সময় তৃণমূল কাউন্সিলর সূর্য দে’র অনুগামীরা আমাদের ওপর চড়াও হয়েছে। আমাদের মারধর করা হয়েছে। মহিলাদের হাত ধরে টানাটানি করেছে। অকথ‍্য ভাষায় গালিগালাজ করেছে।” ঘটনার পরে ডানাকুনি থানায় অভিযোগ জানানো হয়েছে বলে বিজেপি সূত্রে জানা গিয়েছে। ঘটনার শেষ দেখে ছাড়ব বলেও মন্ডল সভাপতি হুঁশিয়ারি দিয়েছেন।

ঘটনায় ডানকুনি পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সূর্য দে অভিযোগ অস্বীকার করেছেন। সূর্যের পাল্টা অভিযোগ, বিজেপির কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছিলেন। তাঁরা প্রকাশ্যে সংখ্যালঘু সম্প্রদায় মানুষদের বিরুদ্ধে উস্কানি মূলক বার্তা দিচ্ছিল। তিনি বলেন, "আগামী বিধানসভা নির্বাচনের আগে তাঁরা ডানকুনি এলাকায় একটা অশান্তি বাধানোর চেষ্টা করছে। তৃণমূল কর্মীরা তারই প্রতিবাদ করেছে।" তৃণমূল নেতার দাবি, বিজেপির কর্মীরা প্রথমে মারধর করা শুরু করেছিল।


Share