Assault

মুদির দোকানে তোলাবাজির অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হাওড়ার বাঁকড়া, থানার সামনে মারধর, অধরা দুষ্কৃতীরা

থানায় অভিযোগ জানাতে যাওয়ার পথেও আক্রান্ত হওয়ার দাবি। ঘটনায় এলাকায় র‍্যাফ মোতায়েন করেছে পুলিশ। এখনও অধরা অভিযুক্তরা।

হাওড়ার বাঁকড়ায় উত্তেজনা
নিজস্ব সংবাদদাতা, হাওড়া
  • শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০২৬ ০২:৩৩

মুদির দোকান থেকে তোলাবাজির অভিযোগকে কেন্দ্র করে হাওড়ার বাঁকড়ায় উত্তেজনা ছড়ায়। মারধরের প্রতিবাদ করায় দোকানের ক্রেতাকেও মারধর করা হয় বলে অভিযোগ। এমনকী, থানায় অভিযোগ জানাতে যাওয়ার পথেও আক্রান্তদের মারধর করা হয়েছে বলে অভিযোগ। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এলাকায় র‍্যাফ মোতায়েন করা হয়েছে। এখনও পর্যন্ত কাউকেই গ্রেফতার করা যায়নি বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

হাওড়ার বাঁকড়ার পশ্চিমপাড়ায় ঘটনাটি ঘটেছে। আক্রান্ত দোকানদারের বক্তব্য, বৃহস্পতিবার রাতে ওই এলাকার একটি মুদির দোকানে কয়েক জন যুবক আসে। দোকানদারের কাছ থেকে দেশলাই চায়। টাকা চাওয়া হলেই দোকানদারের সঙ্গে বচসা শুরু হয়। এরই এক পর্যায়ে দোকানের মালিক এবং তাঁর ছেলের ওপরে তাঁরা চড়াও হয়। মারধর হয় বলে অভিযোগ করেছে তাঁরা। শুধু তাই নয়, দোকানে মহিলা ক্রেতা মারধরের প্রতিবাদ করলেও তাঁর ওপরেও হামলা চালায় বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। 

ঘটনায় এক মহিলা-সব তিন জন জখম হয়েছেন। ঘটনার পরে তাঁরা ডোমজুড় গ্রামীণ হাসপাতালে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা করান। এর পরে ডোমজুড় থানায় অভিযোগ জানানোর জন‍্য রওনা দেন। তাঁদের আরও অভিযোগ, থানায় যাওয়ার পথে তাঁদের পথ অভিযুক্ত যুবককেরা আটকায়। থানার সামনে আবার মারধর করে। উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ লাঠি উঁচিয়ে ছত্রভঙ্গ করে বলে দাবি করা হয়েছে।

ঘটনায় ডোমজুড় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ সূত্রের খবর, ঘটনার সঙ্গে জড়িত তিন থেকে চার জনকে পুলিশ চিহ্নিত করেছে। তাঁদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। নতুন করে উত্তেজনা যাতে আর না ছড়ায় তার জন্য এলাকায় র‍্যাফ মোতায়েন করা হয়েছে।

আহতদের অভিযোগ, ওই যুবকেরা প্রায়ই তাদের দোকানে আসে। জিনিসপত্র কেনার পরে টাকা না দিয়ে চলে যায়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ডোমজুড় থানার পুলিশ।


Share