Arrest

সরকারি চাকরির টোপে ৫৫ লক্ষ টাকার প্রতারণা! জাল নিয়োগপত্র-সার্ভিস বুক দিয়ে ধরা পড়ল বর্ধমানের একই পরিবারের তিন সদস্য

অভিযোগে তিনি জানান, ২০২৫ সালের ৩০ জুলাই শ্রাবণী দত্ত চাকরির প্রতিশ্রুতি দিয়ে তাঁদের কাছ থেকে বিপুল অঙ্কের টাকা নেন। পরে চাকরিপ্রার্থীদের হাতে সরকারি নিয়োগপত্র, সার্ভিস বুক এবং প্রশিক্ষণের চিঠিও তুলে দেওয়া হয়।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, বর্ধমান
  • শেষ আপডেট: ০২ জুন ২০২৬ ১২:১৮

সরকারি চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে বর্ধমান থেকে গ্রেফতার একই পরিবারের তিন সদস্য। ধৃতদের সোমবার বর্ধমান আদালতে পেশ করা হলে পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা হলেন স্বরূপ দত্ত, তাঁর স্ত্রী শ্রাবণী দত্ত এবং ছেলে সৌরভ দত্ত। তাঁদের বিরুদ্ধে অভিযোগ, সরকারি গ্রুপ-সি পদে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে ১১ জনের কাছ থেকে মোট ৫৫ লক্ষ টাকা নিয়েছিলেন তাঁরা।

ঘটনার সূত্রপাত গত শনিবার। বর্ধমান শহরের বড়নীলপুর বালিডাঙা নজরুলপল্লির বাসিন্দা পিন্টু দাস বর্ধমান থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি জানান, ২০২৫ সালের ৩০ জুলাই শ্রাবণী দত্ত চাকরির প্রতিশ্রুতি দিয়ে তাঁদের কাছ থেকে বিপুল অঙ্কের টাকা নেন। পরে চাকরিপ্রার্থীদের হাতে সরকারি নিয়োগপত্র, সার্ভিস বুক এবং প্রশিক্ষণের চিঠিও তুলে দেওয়া হয়।

তবে কিছুদিন পরেই অভিযোগকারীরা জানতে পারেন, ওই সমস্ত নথিই জাল। এরপরই তাঁরা প্রতারণার অভিযোগে পুলিশের দ্বারস্থ হন। পিন্টু দাসের দাবি, এর আগেও বিষয়টি নিয়ে অভিযোগ করা হলেও তখন কোনও পদক্ষেপ করা হয়নি।

অভিযোগ পাওয়ার পর তদন্তে নেমে প্রথমে দত্ত পরিবারের বাড়িতে হানা দেয় পুলিশ। প্রাথমিক অভিযানে তাঁদের না পাওয়া গেলেও পরে ফের তল্লাশি চালিয়ে বাড়ি থেকেই স্বরূপ, শ্রাবণী ও সৌরভকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানিয়েছে, এই প্রতারণা চক্রের সঙ্গে আরও কেউ জড়িত কি না এবং এর নেপথ্যে বৃহত্তর কোনও নেটওয়ার্ক রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে তদন্তে উঠে এসেছে, ধৃতদের সঙ্গে বর্ধমান দক্ষিণের প্রাক্তন বিধায়ক খোকন দাসের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। উল্লেখ্য, খোকন দাসের বিরুদ্ধে তোলাবাজি, জমি দখল, বেআইনি জলাজমি ভরাট এবং হুমকি দেওয়ার মতো একাধিক অভিযোগ রয়েছে। ভোটের ফল প্রকাশের পর তিনি এলাকা ছেড়ে পালিয়ে যান। পরে উত্তরপ্রদেশের প্রয়াগরাজ থেকে তাঁকে গ্রেফতার করে বর্ধমান থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার তাঁকে আদালতে তোলা হবে। 


Share