Body Recovery

‘আমাদের তিন জনের মৃত্যুর জন্য দায়ী রবীন্দ্রনাথ!’ ঘরের দেওয়ালে লিখে আত্মঘাতী একই পরিবারের তিনজন, ধনিয়াখালির ঘটনার তদন্তে পুলিশ

হুগলির ধনিয়াখালির সোমসপুর দুলেপাড়ায় একই পরিবারের স্বামী-স্ত্রী ও মেয়ের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। মাস তিনেক আগে ভাড়া নেওয়া ঘর থেকেই তিনজনের দেহ উদ্ধার করে পুলিশ।

ধনিয়াখালিতে আত্মঘাতী একই পরিবারের তিনজন।
নিজস্ব সংবাদদাতা, হুগলি
  • শেষ আপডেট: ২৮ আগস্ট ২০২৬ ১১:১১

‘আমাদের তিন জনের মৃত্যুর জন‍্য দায়ী রবীন্দ্রনাথ’। হুগলির ধনিয়াখালিতে ঘটনাটি ঘটেছে। মৃতেরা সম্পর্কে স্বামী, স্ত্রী এবং কন‍্যা। দেহ উদ্ধারের সময় এমনই একটি লেখা ঘরের দেওয়ালে লেখা ছিল। তিনটি দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। 

শুক্রবার সোমসপুর দুলেপাড়া এলাকায় একটি বাড়ির ঘর থেকে স্বামী, স্ত্রী ও তাঁদের মেয়ের ঝুলন্ত দেহ উদ্ধার করেছে ধনিয়াখালি থানার পুলিশ। মৃতদের পরিচয় জানা যায়নি। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মাস তিনেক আগে ওই এলাকার একটি বাড়ির একতলার ঘর ভাড়া নিয়ে পরিবারটি থাকতে শুরু করেছিল। শুক্রবার সকালে তাঁদের ঘর থেকেই তিন জনের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। খবর পেয়ে ধনিয়াখালি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছোয়। দেহগুলি উদ্ধার করে ধনিয়াখালি হাসপাতালে পাঠানো হয়েছে। ব্লক মেডিকেল অফিসার জানিয়েছেন, “দেহ হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত্যু হয়েছিল। দেহ ময়নাতদন্তের জন‍্য চুঁচুড়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট এলেই মৃত্যুর কারণ বলা যাবে।”

তবে এই মৃত্যুর ঘটনায় রহস্য তৈরি হয়েছে। ঘরের দেওয়ালে লেখা একটি সুইসাইড নোট মিলেছে। সেখানে লেখা রয়েছে, ‘আমাদের তিন জনের মৃত্যুর জন্য দায়ী রবীন্দ্রনাথ!’ কে এই রবীন্দ্রনাথ, তাঁর সঙ্গে মৃতের পরিবারের কী সম্পর্ক এবং কেন তাঁর বিরুদ্ধে এমন অভিযোগ লেখা হয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

এর পাশাপাশি দেওয়ালের ওই লেখাটি মৃত পরিবারের কোনও সদস্য লিখেছিলেন কি না, নাকি অন্য কেউ লিখেছে, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, তিন জনই আত্মহত্যা করে থাকতে পারেন। তবে কী কারণে একই পরিবারের তিনজন এমন চরম সিদ্ধান্ত নিলেন, তা এখনও স্পষ্ট নয়।

ঘটনার খবর পেয়ে হুগলি গ্রামীণ পুলিশের আধিকারিকরাও ঘটনাস্থলে পৌঁছোন। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। ঘরটিকে সিল করে দেওয়া হয়েছে। দেওয়ালে লেখা বার্তাটির ফরেন্সিক পরীক্ষা করা হতে পারে। থানায় একটি মামলা রুজু করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।


Share