Accident

লাইন পার হওয়ার সময় গাড়িতে ধাক্কা রেলের ইঞ্জিনের, শান্তিপুরে ভয়াবহ দুর্ঘটনা, আহত তিন জন, গুরুতর জখম অবস্থায় ভর্তি হাসপাতালে

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ওই এলাকায় একটি রেলগেটের দাবি জানিয়ে আসছেন। রেলগেট না থাকায় ঝুঁকি নিয়ে রেললাইন পারাপার করতে হয় স্থানীয়দের।

দুর্ঘটনাগ্রস্থ গাড়ি
নিজস্ব সংবাদদাতা, শান্তিপুর
  • শেষ আপডেট: ২৮ আগস্ট ২০২৬ ০৭:১৯

মুর্শিদাবাদের পরে এ বার নদিয়া। শান্তিপুরে রেললাইন পার হওয়ার সময় একটি গাড়িতে সজোরে ধাক্কা মারল ট্রেনের ইঞ্জিন। দুর্ঘটনায় গাড়িতে থাকা তিনজন জখম হয়েছেন। জখম যুবকদের নাম, তরুণ আরুশ ওরফে বাবুলতি (৪২), উত্তম ভৌমিক (৩৬), বিশ্বজিৎ মাহাত (৩৮)। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত বেলেডাঙা মোড় সংলগ্ন রেললাইনে দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে খবর, একটি গাড়ি রেললাইন পারাপার করছিল। সেই সময় আচমকাই একটি রেলের ইঞ্জিন এসে গাড়িটিতে সজোরে ধাক্কা মারে। ধাক্কার পর বেশ কিছুটা দূর পর্যন্ত গাড়িটিকে টেনেহিঁচড়ে নিয়ে যায়। দুর্ঘটনার জেরে গাড়িটি দুমড়ে-মুচড়ে গিয়েছে। সেই সময় গাড়িতে তিনজন ছিলেন। তাঁরা গুরুতর জখম হয়েছেন। 

খবর পেয়ে শান্তিপুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছোয়। জখম তিন জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের চিকিৎসার চলছে। তবে এখনও পর্যন্ত এই ঘটনায় মৃত্যুর কোনও খবর মেলেনি। 

যেখানে ঘটনাটি ঘটেছে সেখানে কোনও রেলগেট ছিল না। কোনও নিরাপত্তারক্ষীও ছিল না। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ওই এলাকায় একটি রেলগেটের দাবি জানিয়ে আসছেন। রেলগেট না থাকায় মানুষকে ঝুঁকি নিয়ে রেললাইন পারাপার করতে হচ্ছে। তাঁদের দাবি, রেলগেটের ব্যবস্থা করা হলে এই ধরনের দুর্ঘটনা অনেকটাই এড়ানো সম্ভব হবে।

উল্লেখ্য, গত মাসে শুক্রবার সকালে মুর্শিদাবাদের কর্ণসুবর্ণ এবং গোবিন্দপুর স্টেশনের মাঝে এমন ঘটনা ঘটেছিল। রেল সূত্রের খবর, সিগন্যালে কোনও ত্রুটি ছিল না। সিগন‍্যাল মেনেই নিমতিতা-কাটোয়া প‍্যাসেঞ্জার ট্রেন এসেছিল। ফলে সিগন্যাল নয় ম‍্যানুয়ালি পরিচালিত ইন্টারলকিং গেট পরিচালনায় গাফিলতি রয়েছে বলে মনে করছে পূর্ব রেল। সেই ঘটনার তদন্তের জন্য ইতিমধ্যেই গেটম‍্যান অনুপ কর্মকারকে গাফিলতির সাসপেন্ড করা হয়েছে। তাঁকে গ্রেফতার করা হয়েছিল। সিগন‍্যাল বিভাগের এক সুপারভাইজারকেও রেল সাসপেন্ড করেছে।


Share