Road Accident

ঠাকুর দেখতে বেরিয়ে দুর্ঘটনা, বাইক ও স্কুটির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু তিনজনের, আহত আরও তিন

হলদিয়া-মেচেদা রাজ্য সড়কে বাইক ও স্কুটির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে তিনজনের। আহত আরও তিনজন, তাঁদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, কোলাঘাট
  • শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০২৬ ১১:২৪

দুর্গাপুজোয় ঠাকুর দেখতে বেরিয়ে মর্মান্তিক দুর্ঘটনা পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে। হলদিয়া-মেচেদা রাজ্য সড়কে বাইক ও স্কুটির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে তিনজনের। এই ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। তাঁদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

স্থানীয় সূত্রে খবর, দুর্গাপুজোর রাতে বাইক ও স্কুটির আরোহীরা ঠাকুর দেখতে বেরিয়েছিলেন। সেই সময় মেচেদার শান্তিপুর এলাকায় হলদিয়া-মেচেদা রাজ্য সড়কে দু’টি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। ধাক্কার তীব্রতায় দু’টি গাড়িই দুমড়ে-মুচড়ে যায়। বিকট সংঘর্ষের পরেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজে এগিয়ে আসেন। পুলিশকেও খবর দেওয়া হয় ।

এরপর কোলাঘাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছোয়। পুলিশ ও স্থানীয়দের উদ্যোগে আহতদের উদ্ধার করে মেচেদার একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁদের চিকিৎসা চলছে। আহতদের মধ্যে দু’জনের শারীরিক অবস্থা গুরুতর বলে খবর।

দুর্ঘটনায় মৃত তিনজনের মধ্যে একজন কোলাঘাট থানার রামচন্দ্রপুরের বাসিন্দা। বাকি দু’জনের বাড়ি নন্দকুমার থানার শ্রীকৃষ্ণপুর এলাকায়। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা পুলিশ খতিয়ে দেখছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, বাইক ও স্কুটির কোনও আরোহীর মাথাতেই হেলমেট ছিল না।

দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ হলদিয়া-মেচেদা রাজ্য সড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার উদ্যোগ নেয়। পুজোর আনন্দের মধ্যেই এই দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকায় শোকের পরিবেশ তৈরি হয়েছে।


Share