Biswa Bangla Globe

জগন্নাথ ধামের পর এ বার বিশ্ববাংলাও ইতিহাস! দিঘা থেকে সরানো হচ্ছে মমতা জমানার প্রতীকী গ্লোব

মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে চালু হওয়া ‘বিশ্ববাংলা’ ব্র্যান্ডের প্রতীক হিসেবে এই লোগো দীর্ঘদিন ধরে রাজ্যের বিভিন্ন সরকারি প্রকল্প ও পরিকাঠামোয় ব্যবহৃত হয়েছে।

সরিয়ে ফেলা হচ্ছে বিশ্ব বাংলা গ্লোব।
নিজস্ব সংবাদদাতা, দিঘা
  • শেষ আপডেট: ১২ জুন ২০২৬ ১২:০৪

দিঘায় তৃণমূল জমানার আরও একটি পরিচিত চিহ্ন সরানোর কাজ শুরু করল রাজ্য সরকার। কয়েক দিন আগেই দিঘার জগন্নাথ ধামের নাম থেকে ‘ধাম’ শব্দ বাদ দিয়ে ‘সাংস্কৃতিক কেন্দ্র’ করা হয়েছিল। তার পর এ বার ওল্ড দিঘার বিশ্ববাংলা লোগো অপসারণের কাজও শুরু হয়েছে।

শুক্রবার সকালে পুরনো দিঘার এক নম্বর গেট সংলগ্ন এলাকায় থাকা অতিকায় বিশ্ববাংলা গ্লোব সরানোর কাজ শুরু হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে চালু হওয়া ‘বিশ্ববাংলা’ ব্র্যান্ডের প্রতীক হিসেবে এই লোগো দীর্ঘদিন ধরে রাজ্যের বিভিন্ন সরকারি প্রকল্প ও পরিকাঠামোয় ব্যবহৃত হয়েছে। সরকারি চিঠিপত্র থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিশ্ববাংলার বিশেষ নকশার লোগো দেখা যেত।

দিঘার সৌন্দর্যায়নের অংশ হিসেবে কয়েক বছর আগে ওল্ড দিঘায় একটি পার্ক গড়ে সেখানে বিশ্ববাংলার বিশাল গ্লোব স্থাপন করা হয়েছিল। রাতের আলোকসজ্জায় সেই গ্লোব পর্যটকদের বিশেষ আকর্ষণের কেন্দ্র হয়ে উঠেছিল। দিঘায় বেড়াতে আসা বহু পর্যটক সেখানে ছবি ও সেলফি তুলতেন। সময়ের সঙ্গে সঙ্গে এটি দিঘার অন্যতম পরিচিত দর্শনীয় স্থানে পরিণত হয়েছিল।

কাঁথি মহকুমাশাসক ধুমাল প্রতীক অশোক জানিয়েছেন, ‘সরকারি নির্দেশের পরে দিঘার পর্যটনকেন্দ্র থেকে বিশ্ব বাংলার লোগো সরিয়ে ফেলা হচ্ছে। আগামী দিনে রাজ্য সরকারের নতুন কিছু করার পরিকল্পনা রয়েছে। নির্দেশিকা অনুসারে আবার সাজিয়ে তোলা হবে।’ দিঘা-শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশন যুগ্ম সম্পাদক বিপ্রদাস চট্টোপাধ্যায় বলেন, ‘নতুন সরকার তাদের নতুন লোগো অশোক স্তম্ভ বানিয়েছে। আশা করি, সেই লোগো বসানো হবে। তবে যা হবে, তা ভালোই হবে।’


Share