Sand Mafia

দামোদরে অবৈধ বালি তোলাকে ঘিরে উত্তেজনা, পুলিশে ওপর হামলার অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোনামুখী থানার পুলিশ কয়েকদিন আগে দামোদর নদীর রণডিহা ঘাটে অবৈধ বালি উত্তোলনের বিরুদ্ধে অভিযানে যায়। অভিযোগ, সেই সময় অষ্টম মেটে ও তাঁর সহযোগীরা পুলিশকে ঘিরে ধরে হামলা চালান। ঘটনায় একাধিক পুলিশকর্মী জখম হন।

বালি তোলা ও অভিযুক্ত
নিজস্ব সংবাদদাতা, চাকতেঁতুল
  • শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ০৪:৫২

বালি পাচার এবং পুলিশের ওপর হামলার অভিযোগে গ্রেফতার হলেন পূর্ব বর্ধমানের চাকতেঁতুল গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান অনুপ মেটের ভাই অষ্টম মেটে। শনিবার রাতে বাঁকুড়ার বেলিয়াতোড় এলাকা থেকে সোনামুখী থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে। রবিবার তাঁকে বাঁকুড়া জেলা আদালতে তোলা হবে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোনামুখী থানার পুলিশ কয়েক দিন আগে দামোদর নদীর রণডিহা ঘাটে অবৈধ বালি উত্তোলনের বিরুদ্ধে অভিযানে যায়। অভিযোগ, সেই সময় অষ্টম মেটে ও তাঁর সহযোগীরা পুলিশকে ঘিরে ধরে হামলা চালান। ঘটনায় একাধিক পুলিশকর্মী জখম হন বলে অভিযোগ ওঠে।

সোনামুখী থানার আধিকারিক জানান, “বালি পাচার ও পুলিশের উপরে হামলার অভিযোগে অষ্টম মেটেকে গ্রেফতার করা হয়েছে।” এবং অন্য অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে।

অষ্টম মেটের গ্রেফতারির পর তাঁর দাদা অনুপ মেটে দাবি করেন, ভাইয়ের গ্রেফতারের বিষয়ে তিনি কিছু জানেন না। কোন অভিযোগে গ্রেফতার করা হয়েছে তাও তাঁর অজানা। তিনি আরও বলেন, গত ১০ বছর ধরে ভাইয়ের সঙ্গে তাঁর কোনও যোগাযোগ নেই এবং অষ্টম শ্বশুরবাড়িতেই থাকেন।

অভিযোগ, রণডিহা ও সাকুড়ি বালি ঘাট থেকে রাতের অন্ধকারে নিয়মিত ট্রাক্টরে করে বেআইনি বালি তোলা হয়। সেই বালি প্রথমে গ্রামের রাস্তার ধারে মজুত করে পরে ট্রাকে করে বিভিন্ন জায়গায় পাঠানো হয়। এতে সরকারি রাজস্বের ক্ষতি হচ্ছে বলেও অভিযোগ। পাশাপাশি বালি বোঝাই যান চলাচলে গ্রামের রাস্তা ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছেন বাসিন্দারা। প্রতিবাদ করলে বালি মাফিয়াদের হুমকির মুখে পড়তে হয় বলেও অভিযোগ ওঠে।

চাকতেঁতুল পঞ্চায়েতের বিজেপি সদস্য বর্ণালী মাজি বলেন, “আমার স্বামী অবৈধ ভাবে বালি উত্তোলনের প্রতিবাদ করেছিল বলে ওকে প্রাণনাশের হুমকি দিয়েছিলেন অষ্টম মেটে। ওঁর কড়া শাস্তির দাবি করছি।” এই গ্রেফতারি প্রসঙ্গে গলসি ১ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি জনার্দন চট্টোপাধ্যায় বলেন, ‘পুলিশ অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ করেছে। আইন আইনের পথে চলবে।”


Share