Baruipur Incident

বারুইপুর কান্ডের তদন্ত অগ্রগতি নিয়ে খতিয়ে দেখতে এসপি অফিসে শুভেন্দু, দেখা করলেন নির্যাতিতার পরিবারের সাথেও

পুলিশ সূত্রের খবর, বারুইপুর ঘটনার তদন্ত কোন পথে রয়েছে, তা পুলিশের শীর্ষ আধিকারিকের কাছ থেকে জেনেছেন মুখ্যমন্ত্রী। সেখানে ছিলেন রাজ‍্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্ত।

বারুইপুরে পুলিশ সুপারের দফতরে গেলেন রাজ‍্যের মুখ‍্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
নিজস্ব সংবাদদাতা, বারুইপুর
  • শেষ আপডেট: ০৭ জুলাই ২০২৬ ০৬:০৭

বারুইপুরে পুলিশ সুপারের দফতরে গেলেন রাজ‍্যের মুখ‍্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে নিহত নির্যাতিতার পরিবারের সদস্যেরা ছিলেন। তাঁদের সঙ্গে কথা বলেছেন মুখ্যমন্ত্রী। এ ছাড়াও, সেখানে গণপিটুনির জেরে মৃত ইন্দ্রজিৎ তাঁতির পরিবারের সঙ্গেও কথা বলেছেন। পুলিশ সূত্রের খবর, বারুইপুর ঘটনার তদন্ত কোন পথে রয়েছে, তা পুলিশের শীর্ষ আধিকারিকের কাছ থেকে জেনেছেন মুখ্যমন্ত্রী। সেখানে ছিলেন রাজ‍্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্ত।

সূর্যপুরে কিশোরীকে গণধর্ষণ এবং খুনের ঘটনা ঘটেছে। সেই ঘটনাকে কেন্দ্র করে রবিবার সকাল থেকে দফায় দফার উত্তেজনা ছড়ায়। অভিযুক্ত সন্দেহে ইন্দ্রজিৎ তাঁতি নামে এক যুবক গণপিটুনি দিয়ে হত‍্যা করা হয়। ভাঙচুর, পুলিশের ওপর হামলা এবং পুলিশের গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়। সোমবার এই ঘটনা নিয়ে রাজ‍্যের মুখ‍্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, গণপিটুনির ঘটনায় ‘সাম্প্রদায়িক’ দিক রয়েছে। জঘন্যতম অপরাধের ঘটনা ছাড়া বাকি যে তিনটি অভিযোগ দায়ের হয়েছে, তা নিয়ে কাউকে রেয়াত করা হবে না বলে জানিয়েছিলেন। সেই মতোই ইন্দ্রজিতের পরিবারের সদস্যদের সঙ্গে মঙ্গলবার দেখা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

অন‍্য দিকে, কিশোরীকে গণধর্ষণ এবং খুনের ঘটনায় তিন জনকে গ্রেফতার করা হয়েছে। প্রভাস মন্ডল এবং দিবাকর সর্দারকে সোমবার আদালতে হাজির করানো হয়। তাঁদের আদালত ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। মূল অভিযুক্ত আনন্দ সর্দারকে মঙ্গলবার আদালতে হাজির করানো হয়েছে। আগেই নির্যাতিতা পরিবারের সদস্যদের সঙ্গে ফোনে কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি ওই পরিবারের সদস্যদের সমস্ত সহযোগিতার আশ্বাস দেন। দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে বলে বলেও আশ্বাস দিয়েছিলেন। 

এ দিন মুখ্যমন্ত্রী শুভেন্দু সশরীরে তাঁদের সঙ্গে দেখা করেন। তবে ঠিক দুই পরিবারের সঙ্গে মুখ্যমন্ত্রীর কী কথা হয়েছে তা এখনও জানা যায়নি। তবে পরিবারকে সরকারের পক্ষ থেকে সমস্ত সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন বলে জানা গিয়েছে।

মঙ্গলবার সকালে রাজ‍্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্ত সূর্যপুরের ঘটনাস্থলে যান। যে যে এলাকার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে সেই সমস্ত এলাকায় পরিদর্শন করেন। পাশাপাশি যে পুকুর থেকে দেহ উদ্ধার করা হয়েছিল সেখানেও যান সিদ্ধনাথ। জেলা পুলিশের শীর্ষ আধিকারিকদের কাছ থেকে বিস্তারিত রিপোর্ট নেন। তার পরেই পুলিশ সুপারের কার্যালয়্ মুখ্যমন্ত্রীর বৈঠক যোগ দেন। তদন্ত এখনও পর্যন্ত কতদূর তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে জানিয়েছেন বলে সূত্রের খবর।


Share