Kaliganj Murder Case

তমন্না খুনে পুলিশের বড় পদক্ষেপ! ২৪ অভিযুক্তের নামে অতিরিক্ত চার্জশিট, যোগ হল অস্ত্র আইনের ধারা, দ্রুত বিচারের আশায় পরিবারের মুখে স্বস্তি

রাজ্যে সরকার পরিবর্তনের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে ভিন্‌রাজ্যে আত্মগোপন করে থাকা পলাতক অভিযুক্তদের একে একে গ্রেফতার করে পুলিশ।

তমান্না খুনে চার্জশিট জমা দিল কালীগঞ্জ থানার পুলিশ।
নিজস্ব সংবাদদাতা, নদিয়া
  • শেষ আপডেট: ২৩ জুলাই ২০২৬ ০২:৪৩

নদিয়ার তমন্না খুনের মামলায় কৃষ্ণনগরের মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতে অতিরিক্ত (সাপ্লিমেন্টারি) চার্জশিট জমা দিয়েছে কালীগঞ্জ থানার পুলিশ। এই চার্জশিটে মোট ২৪ জন অভিযুক্তের নাম রাখা হয়েছে। প্রথম চার্জশিটে অস্ত্র আইনের ধারা অন্তর্ভুক্ত না থাকলেও, সাপ্লিমেন্টারি চার্জশিটে সেই ধারা সংযোজন করা হয়েছে। রাজ্যে সরকার পরিবর্তনের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে ভিন্‌রাজ্যে আত্মগোপন করে থাকা পলাতক অভিযুক্তদের একে একে গ্রেফতার করে পুলিশ। তদন্তে পুলিশের সক্রিয় ভূমিকায় সন্তোষ প্রকাশ করেছে তমন্নার পরিবার।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কালীগঞ্জ থানার ৫৩৪/২৫ নম্বর মামলায় প্রথমে ২৪ জন অভিযুক্তের মধ্যে ১৩ জনের বিরুদ্ধে চার্জশিট জমা দেওয়া হয়েছিল। সেই সময় ১১ জনকে গ্রেফতার করা হয়। পরে তাঁদের মধ্যে একজন কলকাতা হাই কোর্ট থেকে জামিন পান। বাকি দুই পলাতক অভিযুক্তের বিরুদ্ধে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করে। তদন্ত এগোতে থাকায় চার্জশিটে নাম না থাকা আরও ১১ জন অভিযুক্তকেও গ্রেফতার করে পুলিশ। পাশাপাশি, দীর্ঘদিন পলাতক থাকা দুই অভিযুক্তকেও ভিন্‌রাজ্য থেকে ধরে আনা হয়। বর্তমানে মামলার ২৪ জন অভিযুক্তের মধ্যে ২৩ জনই বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, তমন্না খুন মামলায় বিশেষ সরকারি আইনজীবী হিসেবে বিভাস চট্টোপাধ্যায়কে নিয়োগ করা হয়েছে। তদন্তের বাকি সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করার পর মঙ্গলবার কৃষ্ণনগরের মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতে ৪৭০/২৬ নম্বর সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেয় পুলিশ। চার্জশিটে বিস্ফোরক আইনের ৩ ও ৪ নম্বর ধারা, অস্ত্র আইনের ২৫ নম্বর ধারা এবং ভারতীয় ন্যায় সংহিতার একাধিক প্রাসঙ্গিক ধারার উল্লেখ করা হয়েছে। মামলার পরবর্তী আইনি প্রক্রিয়া আদালতের তত্ত্বাবধানেই এগোবে।

এই প্রসঙ্গে তমন্নার মা সাবিনা জানান, তিনি মুখ্যমন্ত্রীর ভূমিকায় খুশি। দ্রুত বিচার পাওয়ার আশাও প্রকাশ করেছেন তিনি। তাঁর কথায়, ‘‘মুখ্যমন্ত্রীর কথা ও কাজে মিল রয়েছে। আশা করছি বিচার প্রক্রিয়া দ্রুত শুরু হবে।’’ আরও বলেন, ‘‘ওরা যে জঘন্যতম অপরাধ করেছে তার জন্য দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে পুলিশ।’’


Share