Rape

ধর্ষণের অভিযোগে গ্রেফতার অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ সহযোগী! হাওড়া আদালতে পেশ হতেই ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ

পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাঁর বিরুদ্ধে জামিন-অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে। সোমবার অভিযুক্তকে হাওড়া আদালতে তোলা হলে বিচারক তাঁকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।

ধর্ষণের অভিযোগে গ্রেফতার অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ সহযোগী
নিজস্ব সংবাদদাতা, হাওড়া
  • শেষ আপডেট: ১৩ জুলাই ২০২৬ ০৮:১৯

ধর্ষণের অভিযোগে গ্রেফতার হলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ সহযোগী, যিনি ইন্ডাস্ট্রিতে তাঁর ব্যক্তিগত সহায়ক হিসেবেই পরিচিত। হাওড়ার চ্যাটার্জিহাট থানার পুলিশ তাঁকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাঁর বিরুদ্ধে জামিন-অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে। সোমবার অভিযুক্তকে হাওড়া আদালতে তোলা হলে বিচারক তাঁকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।

পুলিশের দাবি, অভিযুক্ত একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থায় কর্মরত। অভিযোগকারিণীও ওই একই সংস্থার কর্মী। তাঁর অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে পুলিশ এবং পরে অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

অভিযোগকারিণীর দাবি, গত ১২ এপ্রিল একটি ব্যক্তিগত কাজে তিনি চ্যাটার্জিহাট এলাকার অভিযুক্তের বাড়িতে গিয়েছিলেন। সেই সময় অভিযুক্ত তাঁকে ধর্ষণ করেন বলে অভিযোগ। ঘটনার প্রায় দু'মাস পর, ১২ জুন, তিনি চ্যাটার্জিহাট থানায় অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগের ভিত্তিতে পুলিশ ধর্ষণের মামলা রুজু করে তদন্ত শুরু করে। তদন্তের অগ্রগতিতে রবিবার রাতে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। তাঁর বিরুদ্ধে ধর্ষণ-সহ একাধিক জামিন-অযোগ্য ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। সোমবার ধৃতকে হাওড়া আদালতে তোলা হয়। এ বিষয়ে অভিনেত্রী শ্রাবন্তীর প্রতিক্রিয়া জানতে তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনে তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।


Share