Murder Case

চাপড়ায় বাবাকে খুনের অভিযোগ ছেলের বিরুদ্ধে, লোহার ভারী বস্তু দিয়ে আঘাত, পলাতকের খোঁজে তল্লাশি পুলিশের

নদিয়ার চাপড়ার চারাতলায় ভারী বস্তু দিয়ে আঘাত করে বাবাকে খুনের অভিযোগ ছেলের বিরুদ্ধে। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত ছেলে।

বৃদ্ধকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে জানান হয়
নিজস্ব সংবাদদাতা, নদিয়া
  • শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০২৬ ১২:০৬

বাবার সঙ্গে বচসা। তার এক পর্যায়ে লোহার ভারী বস্তু দিয়ে সজোরে আঘাত। গুরুতর জখম অবস্থায় বৃদ্ধকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। নদিয়ার চাপড়ায় ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে।

মৃতের নাম মহম্মদ আলি শেখ। তিনি চাপড়া থানা এলাকার চারাতলা বাসিন্দা। স্থানীয় সূত্রের খবর, শুক্রবার সন্ধ্যায় আলির সঙ্গে তাঁর ছেলের বচসা হয়। তারই এক পর্যায়ে আলিকে লোহার ভারী বস্তু দিয়ে সজোরে আঘাত করা হয়। এর পরেই গুরুতর জখম অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন আলি।

ঘটনাটি নজরে আসতেই স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধারের করে চাপড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসকেরা বৃদ্ধকে মৃত বলে ঘোষণা করেন। খবর ছড়িয়ে চাঞ্চল্য তৈরি হয়ে। এদিকে, বাবাকে খুনের অভিযোগ ওঠার পর থেকেই অভিযুক্ত ছেলে পলাতক বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। 

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় চাপড়া থানার পুলিশ। ঠিক কী কারণে এই ঘটনা ঘটল? পারিবারিক কোনও বিবাদের জেরেই কি এই পরিণতি, নাকি এর নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে তা জানার চেষ্টা করছে পুলিশ। খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। মৃতের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।


Share