Shoot Out

ভাটপাড়ায় শ‍্যুটআউট! ব্যবসায়ীর বাড়ির গেটে লাথি মারার পরেই চলল গুলি, সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে তদন্তে পুলিশ

প্রাথমিক ভাবে পুলিশের দাবি, শূন্যে এক রাউন্ড গুলি চালানো হয়েছে। ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা
  • শেষ আপডেট: ১৬ আগস্ট ২০২৬ ০৩:২৪

শনিবার রাতে ভাটপাড়ার ১৫ নম্বর গলিতে এক পানীয় জলের ব্যবসায়ীর বাড়িতে ঢুকে গুলি চালানোর অভিযোগ উঠল একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। ঘটনায় কেউ আহত হননি। তবে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ভাটপাড়া থানার পুলিশ তদন্ত শুরু করেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে এক পানীয় জলের ব্যবসায়ীর বাড়িতে আচমকাই কয়েকজন দুষ্কৃতী চড়াও হন। ব্যবসায়ীর নাম রশিদ খান। সেই সময় বাড়িতে তাঁর স্ত্রী নিগার খান ছিলেন। অভিযোগ, দুষ্কৃতীরা বাড়ির মূল গেটে লাথি মারে। পাশাপাশি গালিগালাজ করতে থাকে। রশিদ খানকে বাড়িতে না পেয়ে এক রাউন্ড গুলি চালায়। আর তারপরই সেখান থেকে পালিয়ে যায়।

গুলির শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন। পরে ভাটপাড়া থানায় খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। প্রাথমিক ভাবে পুলিশের দাবি, শূন্যে এক রাউন্ড গুলি চালানো হয়েছে। ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই।

নিগার খানের অভিযোগ, ঘটনার সময় তিনি বাড়িতে একাই ছিলেন। দুষ্কৃতীরা বাড়ির গেটে লাথি মারছিল। তাঁকে উদ্দেশ্য করে গালিগালাজও করছিল। এরপরই গুলির শব্দ শোনা যায়।

পুরো ঘটনার কিছু অংশ এলাকার সিসি ক্যামেরায় ধরা পড়েছে বলে পুলিশ জানিয়েছে। সেই ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা চলছে। কারা রশিদ খানের বাড়িতে হামলা চালাল, কেনই বা গুলি চালানো হল, ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না—সব দিক খতিয়ে দেখছে ভাটপাড়া থানার পুলিশ।


Share