Natural Disaster

মাত্র এক মিনিটের ঝড়ে লন্ডভন্ড একাধিক কালীপুজোর মণ্ডপ, প্রতিমা সমেত ভেঙে পড়ল প্যান্ডেল, বিপর্যস্ত শান্তিপুর

নদিয়ার শান্তিপুরে মাত্র এক মিনিটের প্রবল ঘূর্ণিঝড়ে তছনছ একাধিক কালীপুজোর মণ্ডপ। প্রতিমা সমেত ভেঙে পড়েছে প্যান্ডেল, ছিঁড়েছে বিদ্যুতের তার, ভেঙে পড়েছে গাছের ডাল। বেলডাঙা মোড় থেকে বাথানগাছি পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও এখনও পর্যন্ত প্রাণহানির খবর নেই।

ঝড়ে বিপর্যস্ত নদিয়ার শান্তিপুর।
নিজস্ব সংবাদদাতা, নদিয়া
  • শেষ আপডেট: ১০ নভেম্বর ২০২৬ ০৯:১৫

শীতের মুখে প্রবল ঝড়। কালীপুজোর উৎসবের মাঝেই প্রাকৃতিক দুর্যোগ। বিপর্যস্ত নদিয়ার শান্তিপুর। মাত্র এক মিনিটের প্রবল ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড হয়ে গেল একাধিক কালীপুজোর মণ্ডপ। কোথাও ভেঙে পড়ল মণ্ডপের চূড়া, কোথাও আবার প্রতিমা সমেত হুড়মুড়িয়ে মাটিতে ভেঙে পড়ল গোটা প্যান্ডেল। ঝড়ের দাপটে বিদ্যুতের তার ছিঁড়ে পড়েছে। বিভিন্ন জায়গায় গাছের ডাল ভেঙে পড়েছে। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও প্রাণহানির খবর মেলেনি।

নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত আরবান্দি-২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় ঘটনাটি ঘটেছে।আবহাওয়া দফতর সূত্রে আজ বিকালের দিকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছিল। স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার বিকেল প্রায় ৪টা ২০ মিনিট নাগাদ আচমকাই নদিয়ার আকাশ কালো মেঘে আকাশ ঢেকে যায়। প্রবাস ঝড়-বৃষ্টি শুরু হয়। প্রায় এক ঘণ্টা ধরে চলে বৃষ্টির দাপট। তবে তার মধ্যেই মিনিটখানেকের একটি প্রবল ঘূর্ণি-ঝড় কার্যত তছনছ করে দেয় বিস্তীর্ণ এলাকা।

বেলডাঙা মোড় থেকে বাথানগাছি পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ওই এলাকায় স্থানীয় ক্লাব ও বারোয়ারি মিলিয়ে প্রায় সাতটি বড় কালীপুজোর আয়োজন করা হয়েছিল। ঝড়ের তীব্রতায় একাধিক মণ্ডপের চূড়া বেঁকে যায় বা ভেঙে পড়ে। আলোকসজ্জার বড় বড় তোরণ উল্টে যায়। এমনকী, সেগুলি ছিটকে গিয়ে পাশের গাছের উপরেও পড়ে।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বেলডাঙা মোড় ও বাথানগাছির দু’টি বড় পুজো। ঝড়ের দাপটে ওই দুই মণ্ডপ ভেঙে সরাসরি প্রতিমার উপর পড়ে। মণ্ডপের সঙ্গে উল্টে যায়। ফলে উৎসবের আনন্দ মুহূর্তের মধ্যে বদলে যায় বিষাদে।

শুধু পুজোমণ্ডপই নয়, ঝড়ের প্রভাবে বিদ্যুৎ পরিষেবাও বিপর্যস্ত হয়েছে। এলাকায় ১১ হাজার ভোল্টের বিদ্যুতের তার ছিঁড়ে পড়েছে। পাশাপাশি বড় বড় গাছের ডাল ভেঙে রাস্তার উপর পড়ায় যান চলাচলেও সমস্যা তৈরি হয়েছে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গোটা এলাকা অন্ধকারে ডুবে যায়। তবে এত বড় বিপর্যয়ের পরেও কোনও প্রাণহানি বা গুরুতর আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

এলাকার অন্যতম পুজো উদ্যোক্তা 'আমরা কজন' ক্লাবের সভাপতি মানস ঘোষ জানান, শান্তিপুরের মূল উৎসবের পর স্থানীয় রীতি অনুযায়ী এই দিনটিতেই মণ্ডপগুলিতে দর্শনার্থীদের ভিড় সবচেয়ে বেশি হয়। আগামী বৃহস্পতিবার পর্যন্ত প্রতিমা রেখে উৎসব চালিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল তাঁদের। কিন্তু আচমকা ঝড়ে সেই পরিকল্পনা ভেস্তে গিয়েছে।

পরিস্থিতি বিবেচনা করে ক্ষতিগ্রস্ত মণ্ডপ থেকে কাদামাখা প্রতিমাগুলি কোনওরকমে বাইরে বের করে রাতেই বিসর্জনের ব্যবস্থা করতে বাধ্য হচ্ছেন উদ্যোক্তারা। উৎসবের শেষ লগ্নে এমন আকস্মিক বিপর্যয়ে স্বাভাবিক ভাবেই মন খারাপ পুজো উদ্যোক্তা থেকে শুরু করে এলাকার বাসিন্দাদের।


Share