Mysterious Death

আইআইটি খড়্গপুরে ফের রহস্যমৃত্যু! নালন্দা বিল্ডিংয়ের চারতলা থেকে পড়ে মৃত্যু দ্বিতীয় বর্ষের ইঞ্জিনিয়ারিং ছাত্রের

অঙ্কিত কী ভাবে চারতলা থেকে পড়ে গেলেন, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। এটি দুর্ঘটনা, আত্মহত্যা নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, খড়্গপুর
  • শেষ আপডেট: ১৩ আগস্ট ২০২৬ ০৮:১৩

আইআইটি খড়্গপুরে ফের এক ইঞ্জিনিয়ারিং ছাত্রের অস্বাভাবিক মৃত্যু। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার ক্যাম্পাসের নালন্দা বিল্ডিংয়ের চারতলা থেকে কোনও ভাবে নীচে পড়ে যান দ্বিতীয় বর্ষের ছাত্র অঙ্কিত শর্মা। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। কী ভাবে তিনি চারতলা থেকে পড়ে গেলেন, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

মৃত ছাত্রের নাম অঙ্কিত শর্মা। তিনি রাজস্থানের বাসিন্দা। গত বছর জুলাই মাসে পশ্চিম মেদিনীপুরের আইআইটি খড়্গপুরে ভর্তি হন অঙ্কিত। তিনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুর তিনটে নাগাদ অঙ্কিত নালন্দা বিল্ডিংয়ের চারতলা থেকে নীচে পড়ে যান। ক্যাম্পাসের নিরাপত্তারক্ষীরা তাঁকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। দ্রুত তাঁকে উদ্ধার করে বিসি রায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। অঙ্কিত কী ভাবে চারতলা থেকে পড়ে গেলেন, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। এটি দুর্ঘটনা, আত্মহত্যা নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

খবর পেয়ে খড়্গপুর টাউন থানার হিজলি ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছোয়। সূত্রের খবর, নালন্দা বিল্ডিংয়ে অঙ্কিতের ক্লাস ছিল। চারতলা থেকে অসাবধানতাবশত তিনি পড়ে গিয়েছিলেন, নাকি ঝাঁপ দিয়েছিলেন, তা পুলিশ খতিয়ে দেখছে। ঘটনাস্থলে যান অতিরিক্ত পুলিশ সুপার (খড়্গপুর) বুশারা বানো। তিনি বলেন, ‘‘এক ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। চারতলা থেকে পড়ে গিয়েছিলেন। ঠিক কী ঘটেছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে।’’ এই ঘটনায় এখনও পর্যন্ত আইআইটি কর্তৃপক্ষের তরফে কোনও মন্তব্য করা হয়নি।

প্রসঙ্গত, কয়েক দিন আগেই খড়্গপুর আইআইটি ক্যাম্পাস থেকে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক দীপক রেড্ডি পুল্লাগুরমের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। হায়দরাবাদের বাসিন্দা দীপককে তাঁর কোয়ার্টার থেকে মৃত অবস্থায় পাওয়া যায়। ঘটনার তদন্তে বুধবারই ফরেনসিক দল ঘটনাস্থলে যায়। চলতি বছরের এপ্রিলেও ক্যাম্পাসে আত্মহত্যার ঘটনা ঘটে। জয়বীর সিংহ ডোডিয়া নামে এক ছাত্র অটলবিহারী বাজপেয়ী হলের আটতলা থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হন বলে অভিযোগ। পরিসংখ্যান বলছে, ২০২৫ সালে খড়্গপুর আইআইটিতে সাত জন ছাত্রের অস্বাভাবিক মৃত্যু হয়েছিল। তাঁদের মধ্যে পাঁচ জনের ঝুলন্ত দেহ উদ্ধার হয়।


Share