Bomb Seized

তৃণমূল পঞ্চায়েত সদস্যের গোয়ালঘরে চারটি তাজা বোমা ও কার্তুজ উদ্ধার, পলাতক পরিবারের সদস্যরা, ঘটনাস্থলে উপস্থিত বোম স্কোয়াড

উদ্ধার হওয়া বোমাগুলি বিপজ্জনক হওয়ায় পরিস্থিতি সামাল দিতে দুর্গাপুর থেকে বম্ব স্কোয়াডের দল নিয়ে আসা হয়। ঘটনাস্থলে নিরাপত্তার জন্য ভাতারের দমকল বাহিনী এবং মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের একটি মেডিক্যাল টিমও উপস্থিত ছিল।

তৃণমূল পঞ্চায়েত সদস্যের গোয়ালঘর থেকে উদ্ধার হল বোমা ও কার্তুজ
নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমান
  • শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০২৬ ০৯:১৮

কালীপুজোর দিন তৃণমূল পঞ্চায়েত সদস্যের গোয়ালঘর থেকে উদ্ধার হল বোমা ও কার্তুজ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল পূর্ব বর্ধমানের মন্তেশ্বরে। পুলিশি তল্লাশিতে ওই গোয়ালঘর থেকে চারটি তাজা বোমা এবং তিনটি বন্দুকের কার্তুজ পাওয়া গিয়েছে। বিস্ফোরক উদ্ধারের পর থেকেই পঞ্চায়েত সদস্য-সহ তাঁর পরিবারের সদস্যদের কোনও খোঁজ মিলছে না।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মন্তেশ্বর ব্লকের বামুনপাড়া অঞ্চলের শাহাজাদপুর গ্রামের বাসিন্দা আবুল কাসেম শেখ। তিনি স্থানীয় তৃণমূলের পঞ্চায়েত সদস্য। তাঁর বাড়ির সংলগ্ন গোয়ালঘরে অস্ত্র ও বিস্ফোরক রাখা রয়েছে বলে পুলিশের কাছে খবর আসে। সেই সূত্র ধরেই রবিবার আবুলের বাড়িতে অভিযান চালায় মন্তেশ্বর থানার পুলিশ।

তল্লাশির সময় গোয়ালঘরের ভিতরে একটি প্লাস্টিকের জার থেকে চারটি তাজা বোমা উদ্ধার হয়। পাশাপাশি একটি ঝুড়ির মধ্যে পাওয়া যায় তিনটি বন্দুকের কার্তুজ। উদ্ধার হওয়া বোমাগুলি বিপজ্জনক হওয়ায় পরিস্থিতি সামাল দিতে দুর্গাপুর থেকে বম্ব স্কোয়াডের দল নিয়ে আসা হয়। ঘটনাস্থলে নিরাপত্তার জন্য ভাতারের দমকল বাহিনী এবং মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের একটি মেডিক্যাল টিমও উপস্থিত ছিল। পরে পুলিশ ও প্রশাসনের কড়া নিরাপত্তায় শাহাজাদপুর গ্রামের পশ্চিম প্রান্তে খড়ি নদীর ধারে বোমাগুলি নিয়ে যাওয়া হয়। সেখানেই সেগুলি নিষ্ক্রিয় করা হয়।

তবে গোয়ালঘরে কী উদ্দেশ্যে বোমা ও কার্তুজ মজুত করা হয়েছিল, এর নেপথ্যে কারা রয়েছে, তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অন্যদিকে, বিস্ফোরক উদ্ধারের পর থেকে আবুল কাসেম শেখ এবং তাঁর পরিবারের সদস্যদের কাউকেই এলাকায় পাওয়া যাচ্ছে না। পুলিশের প্রাথমিক সন্দেহ, পরিবারের সকলেই এলাকা ছেড়ে গা ঢাকা দিয়েছেন। তাঁদের সন্ধানে শুরু হয়েছে তল্লাশি।


Share