Eye Theft Allegations

ধোপে টিকল না পুলিশের ‘মায়ের চোখ বিক্রির’ তত্ত্ব, আমির চাঁদ-সহ অন‍্যন‍্যদের নিঃশর্ত জামিন মঞ্জুর করল কৃষ্ণনগর আদালত

অভিযোগের ভিত্তিতে পুলিশ রাবেয়া বিবির তিন পুত্র আমির চাঁদ শেখ, আব্দুল শেখ ও সাব্দুল শেখ-সহ পরিবারের অন্য সদস্যকে গ্রেফতার করে। পরে তাঁদের আদালতে তোলা হলে বিচারক চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।

আমির চাঁদ শেখ।
নিজস্ব সংবাদদাতা, কৃষ্ণনগর
  • শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৪১

আদালতে ধোপে টিকল না পুলিশের ‘মায়ের চোখ বিক্রির’ তত্ত্ব। আমির চাঁদ-সহ তাঁর পরিবারের অন্যান্য সদস্যদের নিঃশর্ত জামিন মঞ্জুর করল কৃষ্ণনগরের আদালত। প্রায় চার দিন জেল হেফাজতের পর এ দিন বেলা প্রায় দু’টো নাগাদ দুই হাজার টাকার বন্ডে তাঁদের জামিন দিয়েছেন বিচারক। 

বৃহস্পতিবার নদিয়ার কৃষ্ণনগর আদালতে ভার্চুয়াল মাধ্যমে মামলার শুনানি হয়। শুনানি শেষে নদিয়া জেলা আদালতের বিচারক আমির চাঁদ শেখ-সহ পরিবারের চার সদস্যের জামিন মঞ্জুর করেন। অভিযোগকারী রশিদ শেখ এ দিন আদালতে জানান, ঘটনাটি একটি ভুল বোঝাবুঝির ফল ছিল। তাৎক্ষণিক উত্তেজনা ও বিভ্রান্তির কারণে তিনি অভিযোগ দায়ের করেছিলেন। পরবর্তীতে বিষয়টি পরিষ্কার ভাবে বুঝতে পেরে তিনি দুঃখ প্রকাশ করেন। তিনি আরও জানান, আমির চাঁদ শেখের জামিনে তাঁর কোনও আপত্তি নেই। যদিও কী তথ‍্য প্রমাণের ভিত্তিতে রশিদ শেখ এমন অভিযোগ করেছিল, তার বিরুদ্ধেও কেন ব্যবস্থা নেওয়া হবে না, তা নিয়েও উঠছে প্রশ্ন।

অন্যদিকে, প্রথম দিন আমিরের জামিনের বিরোধিতা করেছিল পুলিশ। যদিও, সরকার পক্ষ থেকেও এ বারের আর জামিনের বিরোধিতা করা হয়নি। এই প্রেক্ষিতেই বিচারক বিনাশর্তে জামিনের নির্দেশ দেন। 

উল্লেখ্য, গত শনিবার নদিয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানার অন্তর্গত সেনপুর শ্যামনগর পাড়ার বাসিন্দা রাবেয়া বিবির মৃত্যু হয়। মৃত্যুর পর প্রতিবেশীদের পক্ষ থেকে কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় যে, রাবেয়া বিবির দুই চোখ না কি বিক্রি করে দেওয়া হয়েছে।

অভিযোগের ভিত্তিতে পুলিশ রাবেয়া বিবির তিন পুত্র আমির চাঁদ শেখ, আব্দুল শেখ ও সাব্দুল শেখ-সহ পরিবারের অন্য সদস্যকে গ্রেফতার করে। পরে তাঁদের আদালতে তোলা হলে বিচারক চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।

ঘটনার পর থেকেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। আমির চাঁদ শেখকে গ্রেফতারের প্রতিবাদে কৃষ্ণনগর কোতোয়ালি থানার সামনে বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভও দেখানো হয়। বিক্ষোভকারীদের দাবি ছিল, চক্ষুদান একটি মানবিক ও সামাজিক কাজ , অন্যায় ভাবে তাঁদেরকে গ্রেফতার করা হয়েছে। আমির চাঁদ শেখ পেশায় একজন শিক্ষক। 

গ্রেফতারের পর কৃষ্ণনগর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছিলেন, স্থানীয়দের লিখিত অভিযোগের ভিত্তিতেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। অবশেষে আজ আদালতের নির্দেশে তাঁদের নিঃশর্ত জামিন মঞ্জুর হওয়ায় পরিবার ও সমর্থকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।


Share