Abhishek Banerjee

সেবাশ্রয় শিবিরে জালিয়াতি, তেজস্ক্রিয় আইন লঙ্ঘন, তৃণমূল সাংসদ অভিষেকের বিরুদ্ধে মামলা করল পুলিশ

বিধানসভা নির্বাচনে ভরাডুবির পরে এই শিবির নিয়ে ভুরিভুরি অভিযোগ সামনে আসে। অভিযোগ ওঠে, সরকারি হাসপাতালের ঔষধ তৃণমূল সাংসদের সেবাশ্রয় শিবিরে ব্যবহার করা হয়েছে। ওই ক‍্যাম্পের অদূরে একটি ভ‍্যাট থেকে বিপুল পরিমান ঔষধও পাওয়া গিয়েছিল।

রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ ২৪ পরগনা
  • শেষ আপডেট: ০৩ জুলাই ২০২৬ ১২:২৭

সেবাশ্রয় শিবির নিয়ে ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করল পুলিশ। অভিযোগ, ওই শিবির চলাকালীন রোগীর নিরাপত্তা বিঘ্নিত হয়েছে। যে চিকিৎসকে চিকিৎসা করার অনুমতি এখনও সরকার দেয়নি, তাঁদের দিয়ে প্রেসক্রিপশন লেখানোর অভিযোগও রয়েছে। অনুমতি ছাড়াই, তেজস্ক্রিয় পদার্থ ব্যবহার করার মতো গুরুতর অভিযোগ অভিষেকের বিরুদ্ধে আনা হয়েছে। 

২০২৪ সালে লোকসভা নির্বাচনের আগে তথাকথিত ‘ডায়মন্ড হারবার’ মডেলের অংশ হিসেবে ‘সেবাশ্রয় শিবির’ নামে ক‍্যাম্প চালু করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগেও এই শিবিরের দ্বিতীয় পর্ব শুরু হয়। তাঁর দাবি ছিল, এই ক‍্যাম্পে বিনামূল্যে ডায়মন্ড হারবারের মানুষ চিকিৎসা পাবেন। বিপুল অর্থ ব‍্যায় করে এই শিবির তিনি চালু করেছিলেন। তাঁর দাবি ছিল, এই ক‍্যাম্প পরবর্তীকালে রাজ‍্যকে নাকি দিশা দেখাবে।

কিন্তু বিধানসভা নির্বাচনে ভরাডুবির পরে এই শিবির নিয়ে ভুরিভুরি অভিযোগ সামনে আসে। অভিযোগ ওঠে, সরকারি হাসপাতালের ঔষধ তৃণমূল সাংসদের সেবাশ্রয় শিবিরে ব্যবহার করা হয়েছে। ওই ক‍্যাম্পের অদূরে একটি ভ‍্যাট থেকে বিপুল পরিমান ঔষধও পাওয়া গিয়েছিল। 

পুলিশ সূত্রের খবর, ওই এলাকারই এক ব‍্যক্তি গত বুধবার ডায়মন্ড হারবার থানায় দ্বারস্থ হয়েছিলেন। পুলিশের কাছে তিনি লিখিত ভাবে অভিযোগ জানিয়েছিলেন। তাঁর অভিযোগ, তিনি ওই ক‍্যাম্পে চিকিৎসা করিয়েছিলেন। তার পর থেকেই তিনি আরও অসুস্থ হয়ে পড়েন। সেই ক‍্যাম্পে এমন চিকিৎসকদের নিয়ে আসা হয়েছিল, যাঁদের প্রেসক্রিপশন লেখার এক্তিয়ার সরকার এখনও দেয়নি। চিকিৎসক পড়ুয়াদের দিয়ে সেখানে রোগীদের চিকিৎসা করানো হয়েছে। প্রসঙ্গত, ওই ক‍্যাম্প চলাকালীন ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের ‘থ্রেট কালচারে’-এর অভিযুক্ত বেশ কিছু পড়ুয়াকেও সেখানে চিকিৎসা করতে দেখা যায়। 

ওই ব‍্যক্তির আরও অভিযোগ, সেবাশ্রয় শিবিরে বেশ কিছু চিকিৎসায় ব‍্যবহৃত যন্ত্রপাতির ব্যবহার করা হয়েছিল। সেই সমস্ত যন্ত্রাংশ তেজস্ক্রিয় পদার্থ দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই সমস্ত যন্ত্রপাতি ব‍্যবহার করার জন‍্য প্রয়োজনীয সরকারের অনুমতি নেওয়া হয়নি। এর ফলে ক‍্যাম্পে চিকিৎসা করাতে আসা রোগীদের নিরাপত্তা বিঘ্নিত হয়েছে। তাঁর দাবি, এটা তেজস্ক্রিয় শক্তি আইনের পরিপন্থী। তাই যে যন্ত্রপাতি ব‍্যবহার সেখানে করা হয়েছিল, তার অনুমোদন আদৌ ছিল কি না তা খতিয়ে দেখার জন‍্য পুলিশের কাছে দাবি করেছেন।

গতকাল, বৃহস্পতিবার ডায়মন্ড হারবার থানার পুলিশ ওই ব‍্যক্তির অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করেছে। পুলিশ সূত্রের খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র-সহ ভারতীয় ন‍্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। এ ছাড়াও, পারমাণবিক শক্তি আইনের ১৭ নম্বর ধারা, ড্রাগ অ‍্যান্ড কসমেটিকস আইনের একাধিক ধারায় দেওয়া হয়েছে। পাশাপাশি, অনুমোদনহীন চিকিৎসকদের দিয়ে চিকিৎসা করানোর অভিযোগে ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট আইনের তিনটি ধারা তাতে যুক্ত করা হয়েছে। 

ইতিমধ্যেই, মামলার তদন্ত করতে বিশেষ দল গঠন করা হয়েছে। ডায়মন্ড হারবারের এসডিপিও এই মামলার তদন্তে নেতৃত্ব দিচ্ছেন বলে জানা গিয়েছে।


Share