Police Injured

শান্তিপুরে জগদ্ধাত্রী পুজোর বিসর্জন ডিউটিতে কর্তব্যরত পুলিশকর্মীকে বেধড়ক মারধর, মাথা ফাটল কনস্টেবলের, গ্রেফতার চার জন

ধৃত চার জনের নাম— রণিত ঘোষ (২১) ও তাঁর বাবা পীযূষ ঘোষ (৪২), অলিপ ঘোষ (২৩) এবং শুভঙ্কর ঘোষ (২৬)। ঘটনায় শান্তিপুর থানায় ভারতীয় ন‍্যায় সংহিতার নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে। রবিবার ধৃতদের আদালতে হাজির করানো হয়েছে।

পুলিশ পিটিয়ে গ্রেফতার চার জন।
নিজস্ব সংবাদদাতা, শান্তিপুর
  • শেষ আপডেট: ২২ নভেম্বর ২০২৬ ০৫:৩৯

জগদ্ধাত্রী পুজোর বিসর্জনে কর্তব্যরত পুলিশকর্মীদের ওপরে চড়াও হল এক দল যুবক। নদিয়ার শান্তিপুরে এই ঘটনাটি ঘটেছে। সেখানে এক পুলিশকর্মীকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। সেই ঘটনায় পুলিশ চার জনকে গ্রেফতার করেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। আক্রান্ত পুলিশ কনস্টেবলের নাম কৌস্তভ দে। তিনি রানাঘাট পুলিশ জেলার ডিইবি-তে কর্মরত রয়েছেন। 

শনিবার ভোররাত ৩টে নাগাদ নদিয়ার শান্তিপুরের কৃষ্ণকালীতলা মোড়ে এই ঘটনা ঘটেছে। জানা গিয়েছে, জগদ্ধাত্রী পুজোর বিসর্জন উপলক্ষে আইনশৃঙ্খলা বজায় রাখতে কয়েক জন পুলিশকর্মী কর্তব্যরত অবস্থায় ছিলেন। সেই সময় তাঁদের সঙ্গে বিসর্জনের জন‍্য আসা কয়েক জন যুবক বচসা শুরু করে। খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী নিয়ে সাব ইনস্পেক্টর অরূপ চক্রবর্তী দ্রুত ঘটনাস্থলে পৌঁছোন। 

সেখানে পৌঁছে তাঁরা দেখেন, প্রায় আটজন ব্যক্তি কৌস্তভ দে-কে ঘিরে রয়েছেন। অকথ‍্য ভাষায় গালিগালাজ করছেন। অভিযোগ, তাঁদের বাধা দেওয়ার চেষ্টা করলে অভিযুক্তরা আক্রমণাত্মক হয়ে ওঠে। এর পরেই বাঁশ, লোহার রড নিয়ে পুলিশকর্মীদের ওপরে চড়াও হয়। সেই সময়ই কৌস্তভের মাথায় আগাত লাগে। রক্তাক্ত অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তাঁকে উদ্ধার করে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বাকি জখম পুলিশকর্মীদেরও ওই হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করানো হয়েছে। 

পরিস্থিতি বেগতিক বুঝে আশেপাশের ঘাটগুলিতে বিসর্জনে কর্তব‍্যরত অন্যান্য পুলিশকর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পুলিশ চারজন অভিযুক্তকে হাতেনাতে ধরে ফেলেন। বাকিরা ঘটনাস্থল থেকে থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। 

ধৃত চার জনের নাম— রণিত ঘোষ (২১) ও তাঁর বাবা পীযূষ ঘোষ (৪২), অলিপ ঘোষ (২৩) এবং শুভঙ্কর ঘোষ (২৬)। ঘটনায় শান্তিপুর থানায় ভারতীয় ন‍্যায় সংহিতার নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে। রবিবার ধৃতদের আদালতে হাজির করানো হয়েছে।


Share