Behrampore Accident

মুর্শিদাবাদের রেল দুর্ঘটনায় সাসপেন্ড গেটম‍্যান, গ্রেফতার করে থানায় নিয়ে গেল পুলিশ, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “কোনও ধরনের গাফিলতি বরদাস্ত করা হবে না। রেলওয়ে গেটম্যানকে ইতিমধ্যেই রাজ্য পুলিশ গ্রেফতার করেছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে পূর্ণাঙ্গ তদন্ত করা হবে। দোষীদের বিরুদ্ধে আইন মেনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।“

মুর্শিদাবাদের ঘটনায় গ্রেফতার গেটম‍্যান।
নিজস্ব সংবাদদাতা, বহরমপুর
  • শেষ আপডেট: ১৭ জুলাই ২০২৬ ০১:৪৮

মুর্শিদাবাদে রেল দুর্ঘটনার কাঠগড়ায় গ‍েটম‍্যান। গাফিলতির অভিযোগের গেটম‍্যান অনুপ কর্মকার। অনুপ কর্মকারকে সাসপেন্ড করেছে পূর্ব রেল। এর পাশাপাশি সিগন‍্যাল বিভাগের সুপারভাইজারকে সাসপেন্ড করা হয়েছে বলে জানা গিয়েছে। বহরমপুর থানার পুলিশ অনুপকে গ্রেফতার করে থানায় নিয়ে গিয়েছে। ঘটনায় রেল এবং রাজ‍্য সরকার মৃতদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছে। বিপর্যয়ের ঘটনায় শোকপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

শুক্রবার সকালের ঘটনায় এখনও পর্যন্ত তিন স্কুল পড়ুয়া-সহ চার জনের মৃত্যু হয়েছে। ঘটনায় পাঁচজন গুরুতর জখম হয়েছেন। তাঁদের দু’জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের বর্তমানে বহরমপুর মেডিকেল কলেজে ভর্তি করানো হয়েছে। মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া কথা ঘোষণা করেছে রেল। তাঁদের পরিবারকে পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবে রাজ‍্য সরকার।

এই ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, “আহতদের এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সহযোগিতা করতে প্রশাসনকে নির্দেশ দিয়েছি। মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ ইতিমধ্যেই হাসপাতালে গিয়ে পরিস্থিতি পর্যালোচনা করেছেন। স্বাস্থ্যমন্ত্রী শরদ্বত মুখোপাধ্যায় ব্যক্তিগত ভাবে চিকিৎসার বিষয়টি পর্যবেক্ষণ করছেন। আহতেরা যাতে সর্বোচ্চ মানের চিকিৎসা পান তা নিশ্চিত করতে আমরা প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করেছি।”

মুর্শিদাবাদের জেলাশাসক এবং পুলিশ সুপার সকাল থেকেই ঘটনাস্থলে রয়েছে। তাঁরা উদ্ধার ও ত্রাণকাজ তদারকি করছেন বলেও জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়ে ঘটনায় দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের আশ্বাস দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “কোনও ধরনের গাফিলতি বরদাস্ত করা হবে না। রেলওয়ে গেটম্যানকে ইতিমধ্যেই রাজ্য পুলিশ গ্রেফতার করেছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে পূর্ণাঙ্গ তদন্ত করা হবে। দোষীদের বিরুদ্ধে আইন মেনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।“

শুক্রবার সকালে মুর্শিদাবাদের কর্ণসুবর্ণ এবং গোবিন্দপুর স্টেশনের মাঝে এই ঘটনাটি ঘটেছে। রেল সূত্রের খবর, সিগন্যালে কোনও ত্রুটি ছিল না। সিগন‍্যাল মেনেই নিমতিতা-কাটোয়া প‍্যাসেঞ্জার ট্রেন এসেছিল। ফলে সিগন্যাল নয় ম‍্যানুয়ালি পরিচালিত ইন্টারলকিং গেট পরিচালনায় গাফিলতি রয়েছে বলে মনে করছে পূর্ব রেল। সেই ঘটনার তদন্তের জন্য ইতিমধ্যেই গেটম‍্যান অনুপ কর্মকারকে গাফিলতির সাসপেন্ড করা হয়েছে। সিগন‍্যাল বিভাগের এক সুপারভাইজারকেও রেল সাসপেন্ড করেছে।

উল্লেখ্য, শুক্রবার সকাল ৭টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। তখন ডাউন লাইন ধরে নিমতিতা-কাটোয়া লোকাল আসছিল। ঠিক তার আগেই আপ লাইন ধরে হাওড়াগামী নবদ্বীপ এক্সপ্রেস যায়। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, ট্রেনটি চলে যাওয়ার পর গোবিন্দপুর রেলগেটটি আর বন্ধ করা হয়নি। গেট খোলা দেখেই বেশ কয়েক জন স্কুলপড়ুয়াকে নিয়ে গাড়িটি রেললাইন পার হচ্ছিল। ঠিক সেই মুহূর্তেই নিমতিতা-কাটোয়া প‍্যাসেঞ্জার তীব্র গতিতে এসে স্কুলভ্যানটিতে সরাসরি ধাক্কা মারে।

ট্রেনের ধাক্কায় স্কুলভ‍্যানটি দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে বহরমপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছোয়। গুরুতর জখম অবস্থায় আরও চার পড়ুয়া এবং ওই গাড়ির চালককে উদ্ধার করে দ্রুত বহরমপুরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। চার জনের মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন মোট পাঁচ জন। তাঁদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। গাড়িতে মোট ১০ জন পড়ুয়া ছিল বলে জানা গিয়েছে।


Share