Drug Smuggling

বাংলাদেশে ফেনসিডিল পাচার চক্রে অভিযুক্ত নদিয়ার সিভিক ভলান্টিয়ার! দু’জনকে হেফাজতে নিল পুলিশ, পেশ করা হবে কৃষ্ণনগর আদালতে

শাহবাজ মন্ডল এবং নেপাল দাসকে বুধবার কৃষ্ণনগর মহকুমা আদালতে হাজির করানো হবে। তাঁদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ। কার কাছ থেকে কাশির সিরাপ জোগাড় করেছিল, বাংলাদেশে কার কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল তা জানতেই হেফাজতে নেওয়ার আবেদন করা হয়েছে।

মাদক পাচারের অভিযোগে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার।
নিজস্ব সংবাদদাতা, কৃষ্ণনগর
  • শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৬ ০৩:০৩

মাদক পাচারের অভিযোগে গ্রেফতার হল সিভিক ভলান্টিয়ার-সহ দু’জন। নদিয়ার চাপড়া থানার পুলিশ তাঁদের গ্রেফতার করেছে। বুধবার ধৃতদের আদালতে হাজির করানো হবে।

ধৃতদের নাম শাহবাজ মন্ডল এবং নেপাল দাস। শাহবাজ মন্ডল চাপড়া থানাতেই সিভিক ভলান্টিয়ার হিসেবে কর্মরত ছিল। নেপাল শাহবাজের বন্ধু বলে পুলিশ দাবি করেছে। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে চাপড়া থানার পুলিশ হাটখোলা এলাকায় নজরদারি চালাচ্ছিলেন। অভিযুক্তেরা একটি গাড়ি করে পাটুরিয়া থেকে নিষিদ্ধ কাশির সিরাপ নিয়ে রওনা দিয়েছিল। ভাদগাছী হয়ে হাটখোলায় বাংলাদেশের বর্ডারে উদ্দেশ্যে যাচ্ছিল তাঁরা। তার আগেই মাঝরাস্তায় ইছা খাল ব্রিজের ওপর থেকেই শাহবাজ এবং নেপালকে আটক করা হয়।

পুলিশ সূত্রের খবর, তাদের কাছে একটি ব্যাগ ছিল। তা খুলতেই পুলিশের চোখ কপালে ওঠে। ব‍্যাগে তল্লাশি চালিয়ে ২৪৮ বোতল নিষিদ্ধ কাশির সিরাপ উদ্ধার করা হয়েছে। শাহবাজ এবং নেপালকে চাপড়া থানায় আটক করে নিয়ে যাওয়া হয়। সেখানেই দু’জনকে গ্রেফতার করা হয়। বুধবার দুপুরে ধৃত সিভিক ভলান্টিয়ার শাহবাজ মন্ডল এবং নেপাল দাসকে কৃষ্ণনগর মহকুমা আদালতে হাজির করানো হবে। সিভিক ভলান্টিয়ার শাহবাজ মন্ডলকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শাহবাজ মন্ডল এবং নেপাল দাসকে বুধবার কৃষ্ণনগর মহকুমা আদালতে হাজির করানো হবে। তাঁদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ। কার কাছ থেকে কাশির সিরাপ জোগাড় করেছিল, বাংলাদেশে কার কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল তা জানতেই হেফাজতে নেওয়ার আবেদন করা হয়েছে।

কৃষ্ণনগর পুলিশ জেলার গুরুত্বপূর্ণ একটি থানা হল এই চাপড়া থানা। সামনেই বাংলাদেশ সীমান্ত রয়েছে। দীর্ঘদিন ধরেই গাঁজা ও নিষিদ্ধ কাশির সিরাপ পাচারের রুট হিসেবে পরিচিত। বেআইনি ভাবে সোনা পাচারের রুট হিসাবেও এই রুট পাচারকারীরা ব্যবহার করে। তবে সিভিক ভলান্টিয়ারের একক ক্ষমতাবলে কী করে নিষিদ্ধ কাশির সিরাপ পাচার করা হচ্ছিল, এতদিন থানার কাছে কীভাবে খবর ছিল না তা নিয়েও প্রশ্ন উঠেছে।


Share