Accident

চলন্ত স্টিল এক্সপ্রেস লক্ষ্য করে পাথর ছোড়া! কানের উপরে আঘাত লেগে রক্তাক্ত যাত্রী, ঝাড়গ্রাম মেডিকেল কলেজে চিকিৎসাধীন

আহত যাত্রীর নাম অমৃক সিং (২৮)। তিনি ঝাড়খণ্ডের টাটানগরের বাসিন্দা। বর্তমানে ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম
  • শেষ আপডেট: ২০ অক্টোবর ২০২৬ ০৩:২৬

চলন্ত ট্রেন লক্ষ্য করে ছোড়া পাথরের আঘাতে গুরুতর জখম হলেন এক যাত্রী। সোমবার রাতে দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর ডিভিশনের সরডিহা ও বাঁশতলা স্টেশনের মাঝে এই ঘটনা ঘটে। আহত যাত্রীর নাম অমৃক সিং (২৮)। তিনি ঝাড়খণ্ডের টাটানগরের বাসিন্দা। বর্তমানে ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে।

রেল পুলিশ সূত্রে খবর, হাওড়া থেকে স্টিল এক্সপ্রেসে চেপে টাটানগর ফিরছিলেন অমৃক। রাত আটটা থেকে সাড়ে আটটার মধ্যে ট্রেনটি সরডিহা স্টেশন পেরিয়ে বাঁশতলার দিকে যাওয়ার সময় জানালার পাশে বসে থাকা অমৃকের কানের উপরে এসে লাগে একটি পাথর। আঘাতে রক্তাক্ত হয়ে পড়েন তিনি। পরে ঝাড়গ্রাম স্টেশনে তাঁকে উদ্ধার করেন আরপিএফ ও রেলের কর্মীরা। দ্রুত তাঁকে ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এই ঘটনার পর ফের প্রশ্নের মুখে রেলের যাত্রী নিরাপত্তা। চলন্ত ট্রেন লক্ষ্য করে পাথর ছোড়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ নিত্যযাত্রী সমিতিও। সংগঠনের ঝাড়গ্রাম জেলা সম্পাদক সৌগত মাহাতো ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

খড়গপুর ডিভিশনের সিনিয়র কমার্শিয়াল ম্যানেজার নিশান্ত কুমার জানিয়েছেন, চলন্ত ট্রেন লক্ষ্য করে পাথর ছোড়ার ঘটনা ঘটলে রেলের তরফে কঠোর আইনি পদক্ষেপ করা হয়। যে এলাকায় এই ধরনের ঘটনা ঘটে, সেই জায়গা চিহ্নিত করে স্থানীয় বাসিন্দাদের সচেতন করা হয়। ঘটনায় শিশুদের জড়িত থাকার প্রমাণ মিললে তাদের অভিভাবকদেরও সচেতন করা হয়। তাঁর দাবি, খড়গপুর ডিভিশনের ঝাড়গ্রাম জেলায় এই ধরনের ঘটনা এই প্রথম ঘটল। তবে ঘটনার তদন্ত করবে আরপিএফ। অভিযুক্তদের চিহ্নিত করে গ্রেফতারের পাশাপাশি উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।


Share