Beaten Up

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় মহিলাকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ নৈহাটিতে, ভেঙেছে কোমরের হাড়, অধরা মন্ডল সভাপতি

আক্রান্ত মহিলা গোটা ঘটনাটি রাজ‍্য পুলিশের ডিজি, ব‍্যারাকপুরের পুলিশ কমিশনার এবং বিজেপির দফতরে ইমেল মারফত জানিয়েছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এখনও অধরা রয়েছেন বিজেপি নেতা মানস পান্ডে।

আক্রান্ত মহিলা থানায় অভিযোগ দায়ের করেছেন।
নিজস্ব সংবাদদাতা, নৈহাটি
  • শেষ আপডেট: ২১ আগস্ট ২০২৬ ১২:১৬

মহিলাকে গভীর রাতে গল্প করতে ডেকেছিলেন। না আসায় হুমকি দেন বিজেপি নেতা। তা নিয়ে থানায় কেন অভিযোগ জানানো হয়েছে, বলেই মহিলাকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হয়। উত্তর ২৪ পরগনার নৈহাটিতে ঘটনাটি ঘটেছে। যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি নেতা। তাঁকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ।

অভিযুক্ত বিজেপি নেতার নাম মানস পান্ডে। তিনি নৈহাটি বিধানসভার ৩ নম্বর মন্ডলের সভাপতি। অভিযোগ, তিনি এলাকায় এক মহিলাকে গভীর রাতে ফোন করে পুকুর পাড়ে গল্প করতে ডাকেন। তাঁকে সেখানে আসতে জোরাজুরি করা হলেও তিনি যাননি। আক্রান্ত মহিলার দাবি, তাঁকে হুমকি দেওয়া হয়। মানস ওই মহিলাকে বলে, তিনি পুলিশ প্রশাসন আর দলকে পকেটে নিয়ে ঘোরেন।

আক্রান্ত মহিলা তৃণমূলকর্মী জেটিয়া থানায় অভিযোগ দায়ের করেন। এর পরেই মানসের সাগরেদ রনি তাঁকে অভিযোগ তুলে নেওয়ার জন‍্য চাপ দেন। অবিলম্বে হাতজোড় করে ক্ষমা চাওয়ার জন‍্য চাপ দেন। কথা না শুনলে পরিস্থিতি খারাপ হবে বলেও হুমকি দেওয়া দেওয়া হয় বলে দাবি করেন ওই তৃণমূলকর্মী।

আক্রান্ত মহিলা জানিয়েছেন, গত ১২ অগস্ট তিনি বাড়ি ফিরছিলেন। সেই সময় তাঁর রাস্তা আটকানো হয়। তার পরে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হয়। এর ফলে তাঁর কোমরের হাড় সরে গিয়েছে। নাক ভেঙে গিয়েছে। একটি দাঁতও ভেঙে গিয়েছে। বাঁ হাতেও আঘাত পেয়েছেন তিনি।

তিনি গোটা ঘটনাটি রাজ‍্য পুলিশের ডিজি, ব‍্যারাকপুরের পুলিশ কমিশনার এবং বিজেপির দফতরে ইমেল মারফত জানিয়েছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এখনও অধরা রয়েছেন বিজেপি নেতা মানস পান্ডে।

অন‍্য দিকে, বিজেপি নেতা মানস যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন। এই ঘটনার সঙ্গে তার কোনও সম্পর্ক নেই বলেই দাবি করেন। মহিলা সক্রিয় তৃণমূল কর্মী। সনৎ দে, কমল অধিকারী-সহ একাধিক নেতার সঙ্গে তাঁর ছবি রয়েছে। ইচ্ছাকৃত ভাবে তাঁকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে বলে তিনি দাবি করেন।


Share