Bank Robbery

উত্তরপাড়ায় এটিএমে ঢালা হল তরল রাসায়নিক! অভিনব কৌশলে লুটের চেষ্টা, তদন্তে পুলিশ

হুগলির উত্তরপাড়ায় জিটি রোড সংলগ্ন একটি বেসরকারি ব্যাঙ্কের এটিএমে তরল রাসায়নিক ঢেলে টাকা চুরির চেষ্টার অভিযোগে উঠেছে। সিসিটিভি ফুটেজে গভীর রাতে এক যুবককে এটিএম মেশিনে রাসায়নিক ঢালতে দেখা গিয়েছে।

বেসরকারি ব্যাঙ্কের এটিএমএ রাসায়নিক ঢেলে চুরির চেষ্টা।
নিজস্ব সংবাদদাতা, উত্তরপাড়া
  • শেষ আপডেট: ১৭ জুলাই ২০২৬ ১০:৫৩

তরল রাসায়নিক ঢেলে এটিএম থেকে টাকা চুরির চেষ্টার অভিযোগে উঠল। হুগলির উত্তরপাড়ায় জিটি রোড সংলগ্ন একটি বেসরকারি ব্যাঙ্কের এটিএমে ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। শুক্রবার সকালে ব্যাঙ্ক খোলার পর গ্রাহকেরা অভিযোগ করেন। তার পরেই ভিত্তিতে বিষয়টি ব্যাঙ্ক কর্তৃপক্ষের নজরে আসে। 

ব্যাঙ্ক সূত্রে জানা গিয়েছে, গ্রাউন্ড ফ্লোরে থাকা এটিএমটি হঠাৎই অচল হয়ে পড়ে। পরীক্ষা করে দেখা যায়, এটিএমের কিপ্যাড সম্পূর্ণ লক হয়ে রয়েছে। পাশাপাশি কিপ্যাড-সহ মেশিনের একাধিক অংশে অজ্ঞাত তরল রাসায়নিক লেগে রয়েছে। ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গেই এটিএম কাউন্টারটি বন্ধ করে দেওয়া হয়। তড়িঘড়ি উত্তরপাড়া থানায় খবর দেওয়া হয়।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছোয়। তদন্তে নেমে ব্যাঙ্কের সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হয়। ফুটেজে দেখা যায়, বৃহস্পতিবার গভীর রাত ১২টা থেকে সাড়ে ১২টার মধ্যে এক যুবক এটিএমে প্রবেশ করে। তার হাতে থাকা একটি বোতল ছিল। তা থেকে মেশিনের বিভিন্ন অংশে রাসায়নিক ঢেলে দিচ্ছে সে।

পুলিশ ইতিমধ্যেই সিসি ক্যামেরার ফুটেজের ভিত্তিতে অভিযুক্তের পরিচয় শনাক্ত করার চেষ্টা শুরু করেছে। একই সঙ্গে কী ধরনের রাসায়নিক ব্যবহার করা হয়েছে, তা জানার জন্য তদন্ত চলছে। এটি এটিএম লুটের কোনও নতুন কৌশল, নাকি শুধুই নাশকতার ছক— সেই বিষয়টিও তদন্তকারীরা খতিয়ে দেখছেন।

উল্লেখ্য, গত কয়েক বছরে উত্তরপাড়া থানা এলাকায় একাধিকবার এটিএম ভাঙার ও লুটের চেষ্টার ঘটনা ঘটেছে। ফের এই ঘটনার জেরে এলাকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


Share