Baruipur Incident

সারারাত অভিযান চালিয়ে গ্রেফতার আরও এক যুবক, আটক আরও তিনজন, বারুইপুরের ঘটনায় তৈরি হল সিট

পুলিশ সূত্রের খবর, প্রভাসকে জিজ্ঞাসাবাদ করে বাকিদের নাম জানতে পারে। সারা রাত অভিযান চালিয়ে আরও এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তাঁর নাম এখনও স্পষ্ট করে জানায়নি পুলিশ। ধৃতকে সোমবার আদালতে হাজির করানো হবে।

বারুইপুরের ঘটনায় গ্রেফতার আরও এক যুবক।
নিজস্ব সংবাদদাতা, বারুইপুর
  • শেষ আপডেট: ০৬ জুলাই ২০২৬ ১২:৪৭

বারুইপুরের নাবালিকাকে খুনের ঘটনায় সারারাত অভিযান চালিয়ে আরও এক অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। রবিবারই প্রভাস মন্ডল নামে এক যুবককে গ্রেফতার করা হয়। সব মিলিয়ে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। আরও তিন জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ঘটনার তদন্তে বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে।

রবিবার সকালে বারুইপুর সংলগ্ন সূর্যপুর এলাকার একটি পুকুর থেকে এক নাবালিকার বস্তাবন্দি দেহ উদ্ধার হয়। সেই ঘটনার চার জনে নামে অভিযোগ ওঠে। অভিযোগ, নাবালিকার সঙ্গে আগের দিন এক অটোচালকের সঙ্গে দেখা গিয়েছিল। রবিবার ওই যুবককে হাতে পেয়ে গণপিটুনি দেওয়া হয়। এর জেরে ওই যুবকের মৃত্যু হয়। মৃতের নাম ইন্দ্রজিৎ তাঁতি। ওই মামলাতেই প্রভাস মন্ডল নামে এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়। তাঁকে রবিবারই বারুইপুর আদালতে হাজির করানো হয়েছিল। 

পুলিশ সূত্রের খবর, প্রভাসকে জিজ্ঞাসাবাদ করে বাকিদের নাম জানতে পারে। সারা রাত অভিযান চালিয়ে আরও এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তাঁর নাম এখনও স্পষ্ট করে জানায়নি পুলিশ। ধৃতকে সোমবার আদালতে হাজির করানো হবে। এ ছাড়াও, আরও তিন জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শনিবার রাতে কী হয়েছিল তা জানার চেষ্টা তদন্তকারীরা চালাচ্ছেন।

উল্লেখ্য, রবিবার সকালে সূর্যপুরের একটি পুকুর থেকে বস্তাবন্দি অবস্থায় নাবালিকার দেহ উদ্ধার হয়। তার পর থেকেই এলাকায় দফায় দফায় উত্তেজনা ছড়ায়। পুলিশকে মারধরের ঘটনা ঘটে। পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ করা হয়। অশান্তি শুধু বারুইপুর নয়, পাশের দুটি থানা— নরেন্দ্রপুর এবং সেনারপুর এলাকাতেও ছড়িয়েছে। সোমবার সকালে ওই তিন থানা এলাকায় ভারতীয় ন‍্যায় সংহিতার ১৬৩ ধারা জারি করা হয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী এলাকায় দফায় দফার রুটমার্চ করছে।

ইতিমধ্যেই, নাবালিকার দেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। পরিবারের অভিযোগ, নাবালিকাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। পুলিশ সূত্রের খবর, ধর্ষণের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট এলেই তা বোঝা যাবে। সেই অনুযায়ী, এফআইআরে ধারা যোগ করা হবে। গতকালই পরিবারের সদস্যদের সঙ্গে রাজ‍্যের মুখ‍্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ফোনে কথা বলেছেন। আগামীকাল, মঙ্গলবার পরিবারের সদস্যদের সঙ্গে তিনি ভবানী ভবনে সাক্ষাৎ করবেন বলেও জানা গিয়েছে।


Share