Accident

ফুটবল খেলার মাঝে অঘটন, বজ্রাঘাতে মৃত্যু একজনের, আহত আরও ২৯ জন

পশ্চিম মেদিনীপুরের লালগড়ের কুমারবাঁধ মাঠের ঘটনায় মৃত এক, খেলোয়াড়-সহ আহত ২৯ জন। তাঁদের মধ্যে সাত জনের অবস্থা আশঙ্কাজনক।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর
  • শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৬ ১২:৫৭

ঝরছে অঝোরে বৃষ্টি। তার মধ্যেই চলছে ফুটবল খেলা। কাদা মেখে খেলায় মেতেছিলেন এলাকার ছেলেরা। আর গ্রামের বহু মানুষ মাঠের ধারে দাঁড়িয়ে সেই খেলা দেখছিলেন। আচমকাই পরিস্থিতি বদলে গেল। বৃষ্টির মাঝে বিকট শব্দে বাজ পড়ে। এই বজ্রাঘাতে মৃত্যু হল এক ব্যক্তির। আহত হন এক খেলোয়াড়-সহ মাঠে থাকা আরও ২৯ জন। ফুটবল মাঠে আতঙ্কের পরিবেশ তৈরি হয়। শুক্রবার সন্ধ্যায় পশ্চিম মেদিনীপুরের লালগড় থানার কাটাপাহাড়ি এলাকার কুমারবাঁধ ফুটবল মাঠে।  

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বিকেল থেকেই ওই মাঠে ফুটবল খেলা চলছিল। খেলা দেখতে সেখানে জড়ো হয়েছিলেন গ্রামের বহু মানুষ। সন্ধের দিকে হঠাৎই মুষলধারে বৃষ্টি নামে। সেই সঙ্গে শুরু হয় ঘনঘন বজ্রপাত। খেলা চলাকালীনই মাঠে বাজ পড়ে। বজ্রাঘাতে খেলোয়াড়-সহ মোট ২৯ জন আহত হন।

ঘটনার পর দ্রুত আহতদের উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক পরীক্ষা করে দিপেন মুর্মু (১৯)-কে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সূত্রে খবর, আহতদের মধ্যে সাত জনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার পর থেকেই এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।


Share