Accident

গভীর রাতে আন্দুলে দুর্ঘটনা, মোটরবাইকের পিছনে ধাক্কা গাড়ির, হাসপাতালের নিয়ে গেলে চালকের মৃত্যু

পুলিশ সূত্রে খবর, মৃত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি। বোটানিক্যাল গার্ডেন থানায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। দুর্ঘটনাস্থলের আশপাশে থাকা সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে।

আন্দুলে পথ দুর্ঘটনায় এক জনের মৃত্যু।
নিজস্ব সংবাদদাতা, হাওড়া
  • শেষ আপডেট: ০৫ আগস্ট ২০২৬ ১১:২৭

গভীর রাতে আন্দুলে দুর্ঘটনা। সোমবার রাতে হাওড়ার দ্বিতীয় হুগলি সেতুর আন্দুল অ্যাপ্রোচ রোডে ঘটনাটি ঘটেছে। সেখানে দ্রুতগতিতে ছুটে আসা একটি গাড়ি স্কুটারের পিছনে ধাক্কা মারে। এর জেরে স্কুটার আরোহী গুরুতর জখম হন। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। 

পুলিশ সূত্রে খবর, হাওড়ার বোটানিক্যাল গার্ডেন থানার অন্তর্গত এজেসি বোস রোডে দ্বিতীয় হুগলি সেতুর আন্দুল অ্যাপ্রোচ রোডের ৩ নম্বর গেট সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, ওই স্কুটার আরোহী নারায়ণা হাসপাতালের দিকে যাচ্ছিলেন। সেই সময় পিছন দিক থেকে দ্রুতগতিতে এসে একটি গাড়ি তাঁকে সজোরে ধাক্কা মারে। রাস্তায় ছিটকে পড়ে যান তিনি। তাঁর মাথায় গুরুতর চোট লাগে।

খবর পেয়ে আন্দুল ট্র্যাফিক গার্ডের পুলিশ ঘটনাস্থলে পৌঁছোন। রক্তাক্ত অবস্থায় ওই ব্যক্তিকে  ট্যাক্সিতে করে হাওড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। দুর্ঘটনার জেরে কিছু সময়ের জন্য দ্বিতীয় হুগলি সেতুর আন্দুল অ্যাপ্রোচ রোডে যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়। 

পুলিশ সূত্রে খবর, মৃত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি। বোটানিক্যাল গার্ডেন থানায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। দুর্ঘটনাস্থলের আশপাশে থাকা সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ধাক্কা মেরে পালিয়ে যাওয়া গাড়িটি শনাক্ত করার চেষ্টা চলছে। গাড়ির চালককে খুঁজে বের করার চেষ্টা চলছে। একই সঙ্গে প্রত্যক্ষদর্শীদের সঙ্গেও কথা বলা হচ্ছে।


Share