Girl Missing

জাতীয় দলের ট্রায়ালে সুযোগ পেয়েই ঘনীভূত রহস্য! হাওড়া স্টেশন থেকে নিখোঁজ রাজ্যস্তরের ১৫ বছরের রাইফেল শুটার দময়ন্তী, দায়ের এফআইআর

পরিবারের দাবি, হাওড়া স্টেশনেই শেষবার তাকে দেখা গিয়েছে। এরপর থেকেই তার আর কোনও খোঁজ মেলেনি। ইতিমধ্যেই হাওড়া থানায় এফআইআর দায়ের করেছে পরিবার।

নিখোঁজ রাইফেল শুটার দময়ন্তী সেন।
নিজস্ব সংবাদদাতা, হাওড়া
  • শেষ আপডেট: ১৭ জুলাই ২০২৬ ১২:৩০

জাতীয় দলের ট্রায়ালে অংশ নেওয়ার সুযোগ পেয়েছিল মাত্র কয়েক দিন আগেই। সেই খবরে আনন্দে ভাসছিল পুরো পরিবার। কিন্তু তার মধ্যেই রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেল রাজ্যস্তরের প্রতিভাবান রাইফেল শুটার দময়ন্তী সেন (১৫)। বৃহস্পতিবার কেনাকাটার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েছিল সে। পরিবারের দাবি, হাওড়া স্টেশনেই শেষবার তাকে দেখা গিয়েছে। এরপর থেকেই তার আর কোনও খোঁজ মেলেনি। ইতিমধ্যেই হাওড়া থানায় এফআইআর দায়ের করেছে পরিবার। পুলিশ দময়ন্তীর সন্ধানে জোরদার তল্লাশি শুরু করেছে। এই ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে পরিবার, সতীর্থ এবং ক্রীড়ামহলে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, মধ্য হাওড়ার উমাচরণ ভট্টাচার্য লেনের বাসিন্দা দময়ন্তী সেন। রাজ্যস্তরের এই প্রতিভাবান রাইফেল শুটার অলিম্পিয়ান জয়দীপ কর্মকারের তত্ত্বাবধানে অনুশীলন করত। সম্প্রতি জাতীয় দলের ট্রায়ালে অংশ নেওয়ার সুযোগ পাওয়ায় দময়ন্তী ও তার পরিবারের আনন্দের সীমা ছিল না।

পরিবারের দাবি, বৃহস্পতিবার সকালে কেনাকাটার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েছিল দময়ন্তী। এরপর থেকেই তার সঙ্গে আর যোগাযোগ করা যায়নি। শেষবার তাকে হাওড়া স্টেশনে দেখা গিয়েছে বলে জানা গিয়েছে। সে সময় তার পরনে ছিল গোলাপি রঙের হাফ টি-শার্ট এবং হাফ প্যান্ট। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, হাওড়া স্টেশনের ৪ ও ৫ নম্বর প্ল্যাটফর্মের মাঝের অংশ দিয়ে হাঁটছিল দময়ন্তী। তারপর থেকেই তার আর কোনও খোঁজ মেলেনি। পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ নিখোঁজের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হলেও প্রায় ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত কিশোরীর কোনও সন্ধান মেলেনি।

ন্যাশনাল টিমের ট্রায়ালে সুযোগ পাওয়ার পর থেকেই দময়ন্তী আরও বেশি মনোযোগ দিয়ে অনুশীলন শুরু করেছিল বলে জানিয়েছেন তাঁর বাবা ধ্রুবজ্যোতি সেন। প্রতিদিন ভোরে অনুশীলনে যাওয়ার জন্য রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ত সে। পরিবারের দাবি, দময়ন্তীর মোবাইল ফোনটিও বাড়িতেই রয়েছে। শুক্রবার সকালে এই সময় অনলাইনকে দময়ন্তীর মা মৌমিতা সেন জানান, “শ্রীরামপুর থেকে এক ব্যক্তি ফোন করে জানিয়েছেন, মাহেশের রথের ভিড়ে দময়ন্তীকে দেখা গিয়েছে। সেই সূত্র ধরেই এখন সেখানে খোঁজ চালানো হচ্ছে।”

পরিবারের দাবি, বাড়িতে কোনও ধরনের অশান্তি বা বিবাদের ঘটনা ঘটেনি। তাই হঠাৎ দময়ন্তীর নিখোঁজ হয়ে যাওয়ায় রীতিমতো উদ্বিগ্ন ও হতবাক পরিবারের সদস্যরা। ঘটনার পরই হাওড়া থানায় নিখোঁজ ডায়েরি দায়ের করা হয়েছে। পাশাপাশি, সামাজিক যোগাযোগমাধ্যমেও দময়ন্তীর সন্ধান চেয়ে আবেদন জানিয়েছে পরিবার। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে এবং সম্ভাব্য সব দিক বিবেচনায় নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। 


Share