Phensedyl Seized

সীমান্ত এলাকায় বড়সড় সাফল্য পুলিশের, নদিয়ার কৃষ্ণগঞ্জে উদ্ধার প্রায় এক হাজার বোতল নিষিদ্ধ ফেনসিডিল, গ্রেফতার চালক

নদিয়ার কৃষ্ণগঞ্জে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি ম্যাটাডোর গাড়ি থেকে প্রায় এক হাজার বোতল নিষিদ্ধ ফেনসিডিল উদ্ধার করল পুলিশ। এই ঘটনায় গাড়ির চালক সিদ্ধার্থ দে-কে গ্রেফতার করা হয়েছে।

এক হাজার বোতল ফেনসিডিল উদ্ধার করল পুলিশ।
নিজস্ব সংবাদদাতা, নদিয়া
  • শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০২৬ ০৫:৩৭

সীমান্ত এলাকায় মাদক ও নিষিদ্ধ সামগ্রী পাচার রোধে ফের বড়সড় সাফল্য পেল নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি ম্যাটাডোর গাড়ি থেকে প্রায় এক হাজার বোতল ফেনসিডিল উদ্ধার করল পুলিশ। এই পাচার কাণ্ডে জড়িত থাকার অভিযোগে ওই গাড়ির চালককেও গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কৃষ্ণনগর-মাজদিয়া রাজ্য সড়কের মাজদিয়া এলাকা দিয়ে একটি ম্যাটাডোর গাড়িতে করে বিপুল পরিমাণ নিষিদ্ধ কাশির সিরাপ পাচার করা হচ্ছে বলে খবর আসে। সেই তথ্যের ভিত্তিতেই কৃষ্ণগঞ্জ থানার পুলিশ দ্রুত তৎপর হয়ে ওঠে। মাজদিয়া রেলবাজার হাই স্কুল মাঠের সামনের রাস্তায় নাকা তল্লাশি ও অভিযান চালিয়ে সন্দেহভাজন ম্যাটাডোরটিকে আটক করা হয়। এরপর গাড়িতে থাকা পেটিগুলি খুলে তল্লাশি চালান হয়। ঘটনায় পুলিশকর্মীরা অবাক হয়ে যান। পেটির ভেতর থেকে উদ্ধার হয় প্রায় এক হাজার বোতল নিষিদ্ধ ফেনসিডিল।

ঘটনাস্থল থেকেই গাড়ির চালককে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশ জানিয়েছে, ধৃত চালকের নাম সিদ্ধার্থ দে। তাঁর বাড়ি নদিয়ার হাঁসখালি থানার পেপুলবেড়িয়া গ্রামে। ধৃতকে আজ, শুক্রবার কৃষ্ণনগর আদালতে পেশ করা হবে বলে পুলিশ সূত্রে খবর।

এই বিপুল পরিমাণ নিষিদ্ধ সিরাপ কোথা থেকে আনা হচ্ছিল, কোথায় পাচারের উদ্দেশ্য ছিল এবং এর পেছনে কোন বড় চক্র কাজ করছে কি না—তা জানতে ধৃতকে জিজ্ঞাসাবাদ করে তদন্ত শুরু করেছে পুলিশ। উল্লেখ্য, মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পর সীমান্তবর্তী এলাকাগুলিতে যে পুলিশি নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে, কৃষ্ণগঞ্জ থানার এই অভিযানে তা আবারও প্রমাণিত হল।


Share