Accident

মুম্বইয়ে ১০ তলা থেকে পড়ে মৃত্যু মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকের, শোকাগ্রস্ত পরিবার

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েক দিন আগেই কাজের সন্ধানে মুম্বইয়ে গিয়েছিলেন হরিহরপাড়ার বাসিন্দা ইসাদুর। বুধবার রাত ন’টা নাগাদ একটি ১০ তলা বহুতলে কাজ করছিলেন তিনি।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদ
  • শেষ আপডেট: ০৪ অক্টোবর ২০২৬ ১২:০৪

রোজগারের আশায় মুম্বইয়ে কাজে গিয়ে মৃত্যু হল মুর্শিদাবাদের হরিহরপাড়ার এক পরিযায়ী শ্রমিকের। কাজ করার সময় ১০ তলা বিল্ডিং থেকে পড়ে মৃত্যু হয়েছে ইসাদুর শেখ (৪২) নামে ওই শ্রমিকের। তাঁর মৃত্যুর খবর গ্রামে পৌঁছোতেই শোকের ছায়া নেমে এসেছে পরিবারে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েক দিন আগেই কাজের সন্ধানে মুম্বইয়ে গিয়েছিলেন হরিহরপাড়ার বাসিন্দা ইসাদুর। বুধবার রাত ন’টা নাগাদ একটি ১০ তলা বহুতলে কাজ করছিলেন তিনি। সেই সময় আচমকাই অসাবধানতাবশত উপর থেকে নীচে পড়ে যান ইসাদুর। ঘটনায় গুরুতর জখম হন তিনি। পরে তাঁর মৃত্যু হয় বলে জানা গিয়েছে।

ঘটনার খবর বাড়িতে পৌঁছোতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। রোজগারের আশায় ভিন্‌রাজ্যে গিয়ে এ ভাবে পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে শোকে মুহ্যমান পরিজনেরা। কী ভাবে দুর্ঘটনাটি ঘটল, তা নিয়ে স্থানীয় স্তরে খোঁজখবর চলছে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, মুম্বই থেকে ইসাদুরের দেহ বাড়িতে নিয়ে আসার ব্যবস্থা করা হয়েছে। শনিবার রাতে তাঁর মৃতদেহ হরিহরপাড়ার বাড়িতে পৌঁছোনোর কথা। এরপর স্থানীয় নিয়ম মেনে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।


Share