Poll Violence

‘আলবিদা ক‍্যানিং’, তিন বার হাজিরা এড়ানোর পরে ভবানী ভবন যাচ্ছেন বিধায়ক পরেশরাম, গ্রেফতারির আশঙ্কায় সমাজমাধ‍্যমে পোস্ট

গত পঞ্চায়েত নির্বাচনের সময় ক‍্যানিংয়ে অশান্তির ঘটনা ঘটেছিল। পুলিশ সূত্রের খবর, সেই ঘটনার পরেশরামের জড়িত থাকার বেশ কিছু প্রমাণ রাজ্য পুলিশের গোয়েন্দাদের হাতে এসেছে। তাঁর বিরুদ্ধে খুনের চেষ্টা এবং অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছে।

ক‍্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাস।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৬ ১১:৪৩

তিন বার হাজিরা এড়ানোর পরে অবশেষে রাজ‍্য পুলিশের সদর দফতরে দিতে যাচ্ছেন ক‍্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাস। ২০২৩ সালে পঞ্চায়েত নির্বাচনের সময় অশান্তির ঘটনায় নাম জড়িয়েছে ক‍্যানিং পশ্চিমের বিধায়কের। সোমবার দুপুর ১২টার সময় তাঁকে ভবানী ভবনে হাজির হতে বলা হয়েছে। তিনি হাজিরা যাচ্ছেন বলে জানিয়েছেন।

গত পঞ্চায়েত নির্বাচনের সময় ক‍্যানিংয়ে অশান্তির ঘটনা ঘটেছিল। পুলিশ সূত্রের খবর, সেই ঘটনার পরেশরামের জড়িত থাকার বেশ কিছু প্রমাণ রাজ্য পুলিশের গোয়েন্দাদের হাতে এসেছে। তাঁর বিরুদ্ধে খুনের চেষ্টা এবং অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছে। সেই মামলাতেই তাঁকে এর আগে তিন বার ডেকে পাঠানো হয়েছিল। কোনও না কোনও ভাবে তিনি সিআইডির কাছে হাজিরা এড়িয়ে গিয়েছেন। তবে সোমবার তিনি হাজিরা দিতে আসছেন। ইতিমধ্যেই বাড়ি থেকে তিনি বেরিয়ে পড়েছেন।

সিআইডির দফতরে হাজিরা দিতে আসার আগে নিজের সমাজমাধ‍্যমে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে একটি পোস্ট করেছেন। পরেশরাম লিখেছেন, ‘আলবিদা ক‍্যানিং’। ওই মামলায় গ্রেফতারির আশঙ্কায় তিনি এমন পোস্ট করেছেন বলে মনে করা হচ্ছে। তিনি আরও লিখেছেন, ‘ফিরে দেখা হবে, কথা হবে।’ অর্থাৎ তিনি মনে করছেন, তিনি এই মামলাতে গ্রেফতার হতে পারেন। তাই যদি তিনি আবার ফেরেন তাহলে আবার সকলের সঙ্গে দেখা করবেন।

এর আগে পরেশরাম কেন পুলিশের তলবে কেন যাননি তা জানিয়েছেন। বাড়ি থেকে বেরোনোর আগে ক‍্যানিং পশ্চিমের বিধায়ক জানান, তিনি অসুস্থ ছিলেন। চিকিৎসার জন‍্য চেন্নাই, বেঙ্গালুরু গিয়েছিলেন। তার পরে গত ৮ সেপ্টেম্বর তাঁর বিধানসভা ছিল। তাই ওই দিন তিনি যাননি। আরেকটি হাজিরার দিনে বৃষ্টি হচ্ছিল। তাই এলাকার মানুষদের ত্রিপল বিলি করছিলেন।


Share