WhatsApp Hacked

‘এখনই টাকা দিতে হবে,’ কারও কাছে ৪৫ হাজার, কারও কাছে দেড় লক্ষ টাকা চেয়ে মেসেজ, পুলিশের দ্বারস্থ রাজ‍্যের মন্ত্রী ক্ষুদিরাম

রাজ‍্যের মন্ত্রী পূর্ব বর্ধমান জেলা পুলিশের সাইবার বিভাগের কাছে দ্বারস্থ হন। তিনি লিখিত অভিযোগ দায়ের করেছেন। কার কার কাছে এমন মেসেজ গিয়েছে তার তথ‍্য মন্ত্রীর ফোন থেকে পুলিশ নিয়েছে।

রাজ‍্যের মন্ত্রী ক্ষুদিরাম টুডু।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৩ আগস্ট ২০২৬ ১১:৫৩

এখনই টাকা দিতে হবে বলে মেসেজ গেল রাজ্যের মন্ত্রীর নম্বর থেকে। কারও কাছ থেকে ৪৫ হাজার টাকা দাবি করা হয়েছে। আবার কারও কাছ থেকে দেড় লক্ষ টাকা চেয়ে মেসেজ গিয়েছে। রাজ‍্যের আদিবাসী এবং সংখ্যালঘু বিষয়ক দফতরের মন্ত্রী ক্ষুদিরাম টুডুর হোয়াটসঅ‍্যাপ নম্বর থেকে বিজেপির কয়েক জন নেতা এই মেসেজ পেয়েছেন। যদিও এই নিয়ে মন্ত্রীর দাবি, তিনি কাউকেই টাকা চেয়ে মেসেজ পাঠাননি। সাইবার বিভাগের কাছে তিনি অভিযোগ জানিয়েছেন। 

বিজেপি নেতা অনুপম ঘোষের কথায়, তাঁর কাছ থেকে একটি হোয়াটসঅ্যাপে মেসেজ আসে। রাজ্যের মন্ত্রী ক্ষুদিরাম টুডুর মেসেজ করে ৪৫ হাজার টাকা দাবি করেন। এর পরে চিন্তিত হয়ে মন্ত্রীকে ফোন করেন। মন্ত্রী অনুপমকে জানান, তিনি এমন কোনও মেসেজ তিনি পাঠাননি। শুধু অনুপম নন, এমন অনেকেই এমন টাকা চাওয়ার মেসেজ পেয়েছেন। মন্ত্রী ক্ষুদিরাম টুডু বলেন, “এমন অনেক লোকে বলে, আমি তাঁদের কাছে ৬০ হাজার টাকা চেয়েছি। কারও কাছে এক, দেড় লক্ষ টাকাও চেয়েছি। এর পরেই বুঝতে পারি আমার হোয়াটসঅ‍্যাপ হ‍্যাক হয়েছে।”

এর পরেই তিনি পূর্ব বর্ধমান জেলা পুলিশের সাইবার বিভাগের কাছে দ্বারস্থ হন। তিনি লিখিত অভিযোগ দায়ের করেছেন। কার কার কাছে এমন মেসেজ গিয়েছে তার তথ‍্য মন্ত্রীর ফোন থেকে পুলিশ নিয়েছে। কে এই হোয়াটসঅ‍্যাপ হ‍্যাক করল তা জানার চেষ্টা করছে পুলিশ। তার আগে হ‍্যাকারদের কবল থেকে মন্ত্রীর নম্বর বের করে আনার চেষ্টা করা হচ্ছে। এটা কী নিছকই একটা ঘটনা নাকি এর নেপথ্যে অন‍্য কিছু তা-ও তদন্তের আওতায় আনা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। 

কয়েক মাস আগে রাজ‍্যের আরেক মন্ত্রী দীপক বর্মণের হোয়াটসঅ‍্যাপ নম্বর হ‍্যাক হওয়ার খবর সামনে এসেছিল। অভিযোগ, তাঁর নম্বর দিয়েও কিছু লোকের কাছে টাকা চাওয়া হয়েছে। বিষয়টি তিনি আলিপুরদুয়ার জেলা পুলিশের কাছে অভিযোগও জানিয়েছিলেন। এ বার মন্ত্রী ক্ষুদিরাম টুডুর হোয়াটসঅ‍্যের নম্বর হ‍্যাক হওয়ার খবর সামনে এল।

রাজ্যে পাকিস্তানের জঙ্গি সন্দেহে ধরা পড়েছে হামিম মন্ডল। ধৃত ইসলামিক জঙ্গি হামিমের ফোন পরীক্ষা করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর গতিবিধি সম্পর্কে খোঁজখবর রাখছিল বলে রাজ‍্য পুলিশের এসটিএফ জানতে পেরেছে। রাজ্যের মন্ত্রীদের হোয়াটসঅ‍্যাপ অত্যন্ত সংবেদনশীল। তাই বিষয়টিকে পুলিশ গুরুত্ব দিয়ে দেখছে বলেই সূত্রের খবর। 


Share