Rape

পূর্ব পরিচয়ের সূত্রে নির্জন জায়গায় ডেকে নিয়ে যুবতীকে ধর্ষণের অভিযোগ! গ্রেফতার মিনাখাঁয় দুই যুবক

ঘটনাটি মিনাখাঁ থানা এলাকার। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই অভিযুক্ত দুই যুবককে গ্রেফতার করেছে মিনাখাঁ থানার পুলিশ।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, মিনাখাঁ
  • শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২৬ ০৩:২৬

পূর্ব পরিচয়ের সূত্রে এক যুবতীকে নির্জন জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠল দুই যুবকের বিরুদ্ধে। ঘটনাটি মিনাখাঁ থানা এলাকার। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই অভিযুক্ত দুই যুবককে গ্রেফতার করেছে মিনাখাঁ থানার পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতা দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থানা এলাকার বাসিন্দা। বসিরহাটের মিনাখাঁ থানা এলাকার ওই দুই যুবকের সঙ্গে তাঁর পূর্ব পরিচয় ছিল। সেই পরিচয়ের সূত্র ধরেই তাঁকে মিনাখাঁর একটি নির্জন জায়গায় নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ। যুবতীর দাবি, সেখানেই তাঁকে ধর্ষণ করে অভিযুক্তরা। ঘটনার পর নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। এরপরই অভিযুক্ত দুই যুবককে গ্রেফতার করা হয়। রবিবার ধৃতদের বসিরহাট আদালতে পেশ করা হলে সেখানে নির্যাতিতার গোপন জবানবন্দি নেওয়া হয়। কী কারণে এই ঘটনা ঘটল এবং অভিযুক্তদের সঙ্গে নির্যাতিতার পরিচয়ের সূত্র কী, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

উল্লেখ্য, এরই মধ্যে উত্তর ২৪ পরগনায় পুলিশের গুলিতে এক অভিযুক্তের মৃত্যুর ঘটনাও সামনে এসেছে। সোমবার রাতে একটি ঘটনার পুনর্নির্মাণের জন্য অভিযুক্ত প্রহ্লাদকে নিয়ে গিয়েছিল পুলিশ। পুলিশের দাবি, পুনর্নির্মাণ শেষে ফেরার পথে এক পুলিশকর্মীর সার্ভিস রিভলভার ছিনিয়ে পালানোর চেষ্টা করেন তিনি। বাধা পেয়ে পুলিশকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করেন অভিযুক্ত। ঘটনায় এক পুলিশকর্মী আহত হন। পরিস্থিতি সামাল দিতে আত্মরক্ষার্থে পালটা গুলি চালায় পুলিশ। সেই গুলিতে আহত হন প্রহ্লাদ। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে বনগাঁ সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এ বার মিনাখাঁয় যুবতীকে ধর্ষণের অভিযোগ ঘিরে নতুন করে চাঞ্চল্য ছড়াল।


Share