Swakat Molla

মাতলা নদীর চর দখল করে ক্যাফে তৈরির অভিযোগ, শওকত মোল্লার ছেলে ইমরানের ‘অরণ্যের কূলে’ ভাঙতে নামল প্রশাসন, চলল বুলডোজার

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, গত ২৯ জুনই ওই নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ জারি করা হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে মালিকপক্ষ সেই নির্দেশ কার্যকর না করায় প্রশাসন নিজেই ভাঙার কাজ শুরু করেছে। এই অভিযানে যে খরচ হবে, তা মালিকপক্ষের কাছ থেকেই আদায় করা হবে।

ইমরান মোল্লার মালিকানাধীন ক্যাফেতে চলল বুলডোজার।
নিজস্ব সংবাদদাতা, ক্যানিং
  • শেষ আপডেট: ০২ জুলাই ২০২৬ ১১:৩৬

ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার পুত্র ইমরান মোল্লার মালিকানাধীন ক্যাফেতে বৃহস্পতিবার বুলডোজার চালাল প্রশাসন। দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থানার মৌখালি এলাকায় মাতলা নদীর চরে গড়ে ওঠা ‘অরণ্যের কূলে’ নামে ওই ক্যাফেটি ভাঙার কাজ এ দিন সকালেই শুরু হয়। অভিযানের সময় ঘটনাস্থলে মোতায়েন ছিল পুলিশ বাহিনী এবং উপস্থিত ছিলেন প্রশাসনের সংশ্লিষ্ট আধিকারিকরা।

অবৈধভাবে মাতলা নদীর চর দখল করে শওকতের ছেলের ক্যাফে গড়ে তোলার অভিযোগ উঠেছে। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, গত ২৯ জুনই ওই নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ জারি করা হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে মালিকপক্ষ সেই নির্দেশ কার্যকর না করায় প্রশাসন নিজেই ভাঙার কাজ শুরু করেছে। এই অভিযানে যে খরচ হবে, তা মালিকপক্ষের কাছ থেকেই আদায় করা হবে।

মৌখালিতে ক্যাফে ভাঙার অভিযান চলাকালীনই ধর্ষণ মামলার অভিযুক্ত শওকত মোল্লা জীবনতলা থানার পুলিশি হেফাজতে রয়েছেন। একদিকে প্রশাসনিক অভিযান, অন্য দিকে ফৌজদারি তদন্ত এই দুই ঘটনাকে ঘিরে এলাকাজুড়ে জোর চর্চা শুরু হয়েছে।

ক্যাফে ভাঙার কাজ শান্তিপূর্ণভাবেই চলছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। নদীর চর দখলের অভিযোগ ঘিরে তদন্ত ও প্রশাসনিক পদক্ষেপ দুই প্রক্রিয়াই আইন মেনেই পরিচালিত হচ্ছে বলে দাবি করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

শওকতের গ্রেফতারির পর থেকেই পুলিশের নজরে আসে তাঁর ছেলে ইমরানের মালিকানাধীন ক্যাফেটি। অভিযোগ, শওকত বিধায়ক থাকাকালীন ভাঙড়ের মৌখালি সেতু সংলগ্ন এলাকায় মাতলা নদীর চরের উপর, রাস্তার অংশ দখল করেই এই ক্যাফে তৈরি করা হয়। প্রয়োজনীয় নিয়মকানুন না মেনেই দীর্ঘদিন ধরে সেখানে ব্যবসা চলছিল বলে অভিযোগ। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর শওকত ও তাঁর পরিবারের সম্পত্তি তদন্তকারীদের নজরে আসে। এদিকে, ভাঙড় বিস্ফোরণকাণ্ডের তদন্তে জাতীয় তদন্তকারী সংস্থার হাতে শওকত গ্রেফতার হওয়ার পর তদন্ত চলাকালীন তাঁর ছেলের এই বেআইনি ক্যাফের বিষয়টিও সামনে আসে।


Share